অক্টোবরে বিটকয়েনের দাম কমেছে ৫ শতাংশ

সদ্য শেষ হওয়া অক্টোবরে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম কমেছে ৫ শতাংশ। দাম কমার পেছনে বড় ভূমিকা রেখেছে বৈশ্বিক আর্থিক অনিশ্চয়তা।

সদ্য শেষ হওয়া অক্টোবরে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম কমেছে ৫ শতাংশ। দাম কমার পেছনে বড় ভূমিকা রেখেছে বৈশ্বিক আর্থিক অনিশ্চয়তা। পাশাপাশি বিনিয়োগকারীরা এখন নিরাপদ সম্পদের দিকে ঝুঁকছেন। ফলে ক্রিপ্টোকারেন্সিতে নতুন বিনিয়োগ কমেছে। খবর রয়টার্স।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন থেকে পণ্য আমদানিতে ১০০ শতাংশ শুল্ক আরোপ ও গুরুত্বপূর্ণ সফটওয়্যারের রফতানি নিয়ন্ত্রণের হুমকি দেয়ার পর বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে অনেক বিনিয়োগকারী দ্রুত তাদের ক্রিপ্টো সম্পদ বিক্রি করে দেন যা বাজারে লেনদেনে বড় ধরনের পতনের ঘটনা ঘটে।

১০-১১ অক্টোবরের মধ্যে বিটকয়েনের দাম নেমে যায় ১ লাখ ৪ হাজার ৭৮২ ডলারে। কয়েক দিন আগেই এর দাম পৌঁছেছিল রেকর্ড ১ লাখ ২৬ হাজার ডলারে। ফলে অল্প সময়েই দামে বড় ধরনের পতন ঘটে।

ডিজিটাল মার্কেট ডাটা সংস্থা কাইকোর জ্যেষ্ঠ বিশ্লেষক অ্যাডাম ম্যাকার্থি বলেন, ‘অক্টোবরের শুরুতে ক্রিপ্টোকারেন্সিগুলো স্বর্ণ ও শেয়ারবাজারের গতিপ্রবাহ অনুসরণ করছিল। কিন্তু অনিশ্চয়তা তৈরি হওয়ার পর বিনিয়োগকারীরা আগের মতো আর বিটকয়েনে বিনিয়োগ করছিলেন না।’

তিনি আরো বলেন, ‘১০ অক্টোবরের সেই বড় পতন বিনিয়োগকারীদের মনে করিয়ে দিয়েছে যে ক্রিপ্টো এখনো খুব সীমিত পরিসরের বাজার। এখানে বিটকয়েন ও ইথারই প্রধান। কিন্তু এ দুই সম্পদের দামও কয়েক মিনিটে ১০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।’

অক্টোবরে যুক্তরাষ্ট্রের সুদনীতি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদহার কমানোর সম্ভাবনা নাকচ করেছে। একই সঙ্গে সরকারি কার্যক্রম আংশিকভাবে বন্ধ থাকায় গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য প্রকাশে দেরি হচ্ছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে সংশয় দেখা দিয়েছে।

এদিকে জেপি মরগানের প্রধান নির্বাহী জেমি ডিমন সম্প্রতি সতর্ক করেছেন, আগামী দুই বছরের মধ্যে মার্কিন শেয়ারবাজারে বড় ধরনের সংশোধন বা পতনের ঝুঁকি রয়েছে।

তবুও বছরের হিসাবে বিটকয়েনের বাজারমূল্য এখনো ১৬ শতাংশের বেশি।

বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের ক্রিপ্টোসম্পদ-বান্ধব নীতি ও নিয়ন্ত্রক সংস্থার মামলা বাতিলের সিদ্ধান্ত বাজারে আস্থার কিছুটা জোগান দিচ্ছে। যদিও অক্টোবরের পতনে বিনিয়োগকারীদের মনে নতুন শঙ্কাও তৈরি করেছে।

আরও