জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের (জেজিটিডিএসএল) সঙ্গে দুটি গ্যাস বিক্রয় চুক্তি (জিএসএ) করেছে লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি। চুক্তির অধীনে সুনামগঞ্জের ছাতকে অবস্থিত তাদের সিমেন্ট কারখানায় ১০ বছর গ্যাস সরবরাহ করবে জালালাবাদ গ্যাস। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, ২০২৬ সালের ১৮ জানুয়ারি থেকে এ চুক্তি কার্যকর হবে। মেয়াদ শেষে ধারাবাহিকভাবে চুক্তি নবায়নের সুযোগ রয়েছে। ফলে কোম্পানিটির জ্বালানি নিরাপত্তা নিরবচ্ছিন্ন থাকবে বলে জানিয়েছে কোম্পানিটির কর্তৃপক্ষ।
গত মঙ্গলবার বিদ্যুৎ ভবনে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত মূল্য অনুযায়ী গ্যাস পাবে লাফার্জহোলসিম। এতদিন তাদের গ্যাসের দাম ছিল চুক্তির মাধ্যমে নির্ধারিত।
সুইজারল্যান্ডভিত্তিক হোলসিম গ্রুপ ও স্পেনভিত্তিক সিমেন্টোস মলিন্স গ্রুপের যৌথ উদ্যোগ লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০০৩ সালে।
বর্তমানে কোম্পানিটির অনুমোদিত মূলধন ১ হাজার ৪০০ কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ১৬১ কোটি ৩৭ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৬৯৭ কোটি ৮৬ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১১৬ কোটি ১৩ লাখ ৭৩ হাজার ৫০০। এর মধ্যে ৬৩ দশমিক ৬৫ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২১ দশমিক ৪১ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক ৮২ শতাংশ বিদেশী ও বাকি ১৪ দশমিক ১২ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।