দেশের বাজারে কয়েক বছরের সর্বোচ্চে পাম অয়েলের দাম

দেশে সাধাণরত পাম অয়েল ও সয়াবিনের লিটারপ্রতি দামের পার্থক্য থাকে অন্তত ৩০-৪০ টাকা।

দেশে সাধাণরত পাম অয়েল ও সয়াবিনের লিটারপ্রতি দামের পার্থক্য থাকে অন্তত ৩০-৪০ টাকা। কিন্তু কয়েক মাস ধরেই পাম অয়েলের দাম অব্যাহত বাড়ছে। গত কয়েক বছরের সর্বোচ্চে পৌঁছেছে পণ্যটির বাজারদর। বর্তমানে দেশের বাজারে পাম অয়েল ও সয়াবিন তেল একই দামে বেচাকেনা হচ্ছে।

দেশের প্রধান পাইকারি ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল এখানে প্রতি মণ (৩৭ দশমিক ৩২ কেজি) পাম অয়েল ৬ হাজার ১০০ টাকায় বিক্রি হয়েছে, যা কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ। দুই-তিন মাস আগেও পাইকারি বাজারে পণ্যটির দাম ছিল মণপ্রতি ৪ হাজার ৮০০ টাকা।

বিশেষত ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় পাম অয়েলের বুকিং বেড়ে যাওয়ায় দেশের বাজারেও এর প্রভাব পড়ে। এছাড়া ইন্দোনেশিয়ার বায়োডিজেল তৈরিতে পাম অয়েলের ব্যবহার বাড়ার ঘোষণায় আন্তর্জাতিক বাজারে পণ্যটির দাম ঊর্ধ্বমুখী হয়েছে। সর্বশেষ মালয়েশিয়াও পাম অয়েলের রফতানি শুল্ক বৃদ্ধির ঘোষণা দেয়।

এদিকে পাম অয়েল ও সুপার পাম অয়েলের দাম বাড়ানোয় সয়াবিনের দামও মণপ্রতি ৫০-৬০ টাকা বেড়েছে। প্রতি মণ সয়াবিন তেল বর্তমানে ৬ হাজার ৩৬০ টাকায় লেনদেন হচ্ছে।

খাতুনগঞ্জের ভোজ্যতেল ব্যবসায়ী আরএসডি ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মো. আনোয়ার হোসেন চৌধুরী বণিক বার্তাকে বলেন, ‘দেশের সব মিল থেকে চাহিদামতো পর্যাপ্ত ভোজ্যতেল উত্তোলন করা সম্ভব হচ্ছে না। এছাড়া আগে বেশ কয়েকটি শিল্প গ্রুপ ভোজ্যতেল আমদানির সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে তাদের আমদানি ও সরবরাহ কিছুটা কম।’

জানতে চাইলে সিটি গ্রুপের পরিচালক (করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স) বিশ্বজিৎ সাহা বণিক বার্তাকে বলেন, ‘সরকার ভোজ্যতেলের দাম স্থিতিশীল রাখতে শুল্ক কমিয়েছে। কিন্তু বুকিং বাড়ার কারণে পণ্যটির দাম অব্যাহত বাড়ছে।’

এদিকে সাতক্ষীরার নিত্যপণ্য বাজারেও সয়াবিন, পাম অয়েল ও সুপার পাম অয়েলসহ সব ধরনের ভোজ্যতেলের দাম বেড়েছে। ১৫ দিনের ব্যবধানে প্রকারভেদে প্রতি কেজি ভোজ্যতেলের দাম বেড়েছে ১০-১৫ টাকা। গতকাল সাতক্ষীরা জেলা সদরের বৃহৎ বাণিজ্যিক মোকাম সুলতানপুর বড় বাজারের কয়েকটি খুচরা ও পাইকারি ভোজ্যতেল বিক্রয় প্রতিষ্ঠান ঘুরে এ তথ্য জানা গেছে। ব্যবসায়ীরা জানান, পাইকারিতে দাম বাড়ার কারণে খুচরায়ও তার প্রভাব পড়েছে।

এ বাজারের মনিরুল স্টোরে গতকাল খোলা সয়াবিন তেল খুচরায় বিক্রি হয়েছে কেজিপ্রতি ১৭৫ টাকায়। এছাড়া গতকাল এখানে প্রতি কেজি সুপার পাম অয়েলের দাম ছিল ১৬৮ টাকা, যা দুই সপ্তাহ আগেও যা ছিল যথাক্রমে ১৬০-১৬২ ও ১৫৬-১৫৮ টাকা।

সাতক্ষীরার অন্যতম পাইকারি ভোজ্যতেল ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স সাধু স্টোরে গতকাল খোলা সয়াবিন তেল পাইকারিতে ১৭৩ টাকা, সুপার পাম অয়েল ১৬৭ ও পাম অয়েল ১৬৪ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক হাজরা সাধু জানান, চট্টগ্রাম ও ঢাকার পাইকারি বাজারে সব ধরনের ভোজ্যতেলের দাম কেজিতে ১০-১২ টাকা পর্যন্ত বেড়েছে।

আরও