আবুধাবির রিয়েল এস্টেট খাত ২০২৪ সালে মাঝারি মানের পারফরম্যান্স দেখিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) অঞ্চলটিতে ১৪ হাজার ৬৬২টি লেনদেনের আর্থিক পরিমাণ ছিল ৪ হাজার ৭৯২ কোটি আমিরাতি দিরহাম বা ১ হাজার ৩০০ কোটি ডলার। খবর অ্যারাবিয়ান বিজনেস।
খাতসংশ্লিষ্ট সংস্থা প্রপার্টি ফাইন্ডারের তথ্যানুসারে, ২০২৩ সালের তুলনায় গত বছর আবুধাবিতে রিয়েল এস্টেট লেনদেন বেড়েছে ৪ শতাংশ।
মোট লেনদেনের ৬৩ শতাংশ প্রতিনিধিত্ব করে আবাসিক সম্পত্তি খাত, যা মোট মূল্যের ৫৩ শতাংশ। এ খাতে ৯ হাজার ৭০৭টি লেনদেনের মূল্য ছিল ৭০০ কোটি ডলার।
এছাড়া ২০২৪ সালে অফ-প্ল্যান বা নির্মাণাধীন আবাসনের বাজারে ৫ হাজার ৩৮৫টি লেনদেন নিবন্ধিত হয়েছে, যা ওই বছরের মোট লেনদেনের ৫৫ দশমিক ৫ শতাংশ। অফ-প্ল্যান লেনদেনের পরিমাণ ছিল ৪৪০ কোটি ডলার, যা মূল্যের ভিত্তিতে মোট আবাসিক লেনদেনের ৬৩ দশমিক ৮ শতাংশ।
অন্যদিকে স্থানান্তরযোগ্য সম্পত্তিতে লেনদেন আগের বছরের তুলনায় ৫৩ দশমিক ৪ শতাংশ বেড়ে ৪ হাজার ৩২০টিতে পৌঁছেছে, যা মোট লেনদেনের ৬৪ শতাংশ।
প্রপার্টি ফাইন্ডারের প্রধান আর্থিক কর্মকর্তা চেরিফ স্লেইমানের মতে, ২০২৪ সাল সংযুক্ত আরব আমিরাতের রিয়েল এস্টেট খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর, যা রেকর্ড পরিমাণ লেনদেনের জন্য পরিচিত। এ প্রবণতা চলতি বছরও অব্যাহত থাকবে।