ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অটোমোবাইল বাজারে বড় ধরনের পরিবর্তন এসেছে। গত ডিসেম্বরে প্রথমবারের মতো অঞ্চলটিতে পেট্রলচালিত গাড়ির তুলনায় পুরোপুরি বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) বিক্রি বেশি হয়েছে। সাম্প্রতিক এক পরিসংখ্যান অনুসারে, কার্বন নিঃসরণসংক্রান্ত নিয়ম শিথিল করতে কোম্পানিগুলোর প্রস্তাব সত্ত্বেও বাজারে পরিবেশবান্ধব গাড়ির চাহিদা বেড়েছে। খবর রয়টার্স।
ইউরোপীয় গাড়ি নির্মাতাদের সংগঠন অ্যাসোসিয়েশন ডি কনস্ট্রাক্টরস ইউরোপিয়ান ডি অটোমোবাইলের (এসিইএ) প্রতিবেদন অনুযায়ী, মার্কিন ব্র্যান্ড টেসলা ইউরোপের বাজারে শেয়ার হারাচ্ছে।
বিপরীতে চীনের বিওয়াইডি ও ইউরোপের বৃহত্তম গাড়ি নির্মাতা ফক্সওয়াগনের মতো প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলো শক্তিশালী হচ্ছে। ডিসেম্বরে ইউরোপীয় ইউনিয়নে ইভি বিক্রি বেড়েছে ৫১ শতাংশ। একই সময়ে প্লাগ-ইন হাইব্রিড গাড়ির বিক্রি ৩৬ দশমিক ৭ শতাংশ বেড়েছে। সব মিলিয়ে পরিবেশবান্ধব গাড়িগুলো এখন ইইউর মোট বিক্রির ৬৭ শতাংশ দখল করে আছে।
ইউরোপের বাজারে গাড়ির বিক্রি টানা ছয় মাস ধরে প্রবৃদ্ধির ধারা বজায় রেখেছে। ২০২৫ সালে ইউরোপে মোট নিবন্ধিত গাড়ির সংখ্যা ছিল পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। তবে বিক্রির এ হার এখনো প্রাক-মহামারী পর্যায়ের নিচে রয়েছে। ওই বছর ইইউ, যুক্তরাজ্য ও ইউরোপীয় ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশনভুক্ত দেশগুলোয় মোট ১ কোটি ৩৩ লাখ গাড়ি বিক্রি হয়েছে।
ইউরোপের গাড়ি শিল্প বর্তমানে বেশকিছু চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এর মধ্যে রয়েছে চীনের সঙ্গে তীব্র প্রতিযোগিতা ও মার্কিন আমদানির ওপর শুল্ক আরোপের ঝুঁকি। পাশাপাশি লাভজনকভাবে অভ্যন্তরীণ ইভি নীতিমালা মেনে চলাও একটি বড় চ্যালেঞ্জ। গত ডিসেম্বরে ইইউ ২০৩৫ সালের মধ্যে কম্বাশ্চন ইঞ্জিনভিত্তিক গাড়ি নিষিদ্ধ করার পরিকল্পনা থেকে সরে আসার ঘোষণা দেয়। তবে বিশ্লেষকরা মনে করছেন, নীতিনির্ধারণী এ শিথিলতা সত্ত্বেও ইউরোপে বিদ্যুচ্চালিত গাড়ির জনপ্রিয়তা উত্তরোত্তর বাড়বে।