এ বিষয়ে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতাদের সঙ্গে বৈঠক করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) ও ঢাকাস্থ মার্কিন দূতাবাসের প্রতিনিধি দল।
গতকাল রাজধানীর গুলশানে বিটিএমএর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে শ্রম অধিকার, টেকসই সরবরাহ ব্যবস্থা এবং আন্তর্জাতিক বাণিজ্যসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময়।
বৈঠকে বিটিএমএর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের সাবেক সহসভাপতি হোসেন মেহমুদ। এ সময় বিটিএমএর সাবেক পরিচালক প্রকৌশলী রাজীব হায়দার দেশের প্রাইমারি টেক্সটাইল খাতের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ও রফতানি সক্ষমতা বাড়াতে এ শিল্পের অবদান তুলে ধরেন।
তিনি বলেন, ‘তৈরি পোশাক শিল্পের প্রধান ব্যাকওয়ার্ড লিংকেজ খাত হিসেবে টেক্সটাইল শিল্প শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এলডিসি উত্তরণ-পরবর্তী সময়ে বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো, টেকসই শিল্পায়ন এবং আন্তর্জাতিক মানসম্পন্ন উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে বিটিএমএ কাজ করছে। পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণে বেসরকারি খাতের কার্যকর অংশীদারত্বের ওপর গুরুত্বারোপ করা হয়।’
আলোচনাকালে মার্কিন প্রতিনিধি দল বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় শ্রম অধিকার সুরক্ষা, আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রমমান অনুসরণ এবং সরবরাহ শৃঙ্খলে জবাবদিহি ও স্বচ্ছতা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরে। একই সঙ্গে শ্রম আইন ও শ্রমনীতি-সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রমের অগ্রগতি নিয়েও আলোচনা হয়।
বিটিএমএর পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক শিল্প আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মৌলিক নীতিমালা এবং জাতীয় শ্রম আইন অনুসরণ করে শ্রমিকদের অধিকার, কর্মক্ষেত্রের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে শিল্প খাতের প্রতিযোগিতা সক্ষমতা বজায় রেখে আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকার, শিল্প মালিক ও উন্নয়ন সহযোগীদের মধ্যে গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরো জোরদার করা, টেকসই শিল্প উন্নয়ন, দক্ষ মানবসম্পদ গঠন, শ্রমিক কল্যাণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করে।
মার্কিন প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে ইউএসটিআরের অ্যান্ড্রু করফহেজ এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের লেবার অ্যাটাশে লিনা খান উপস্থিত ছিলেন। এছাড়া বিটিএমএর পক্ষে পরিচালক চৌধুরী মো. হানিফ সোয়েব এবং প্রকৌশলী সৈয়দ ইশতিয়াক আহমেদ বৈঠকে অংশ নেন।