জনস্বাস্থ্য শিক্ষা, গবেষণা ও স্বাস্থ্য উন্নয়ন কার্যক্রম জোরদারে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। একই অনুষ্ঠানে হাম ও ডেঙ্গু প্রতিরোধ নিয়ে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। শনিবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা টাওয়ারের বোর্ডরুমে এ আয়োজন করা হয়।
সমঝোতা স্মারকে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের পক্ষে প্রতিষ্ঠানের পরিচালক গাউস পিয়ারী এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের পক্ষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আহমেদ হোসেন স্বাক্ষর করেন। এ সময় ডব্লিউবিবি ট্রাস্টের কমিউনিকেশন অফিসার সানজিদা আক্তার এবং বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার ফারহানা শারমিন উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারকের আওতায় জনস্বাস্থ্য শিক্ষা, গবেষণা, স্বাস্থ্য উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, নীতিনির্ধারণে সহায়তা, শিক্ষার্থীদের সম্পৃক্ততা এবং কমিউনিটিভিত্তিক জনস্বাস্থ্য কার্যক্রমে দুই প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে। এ জন্য সেমিনার, কর্মশালা, প্রশিক্ষণ, গবেষণা, জনসচেতনতামূলক কার্যক্রম এবং বিভিন্ন একাডেমিক উদ্যোগ নেয়া হবে। সমঝোতা স্মারকটি প্রাথমিকভাবে ৩ বছরের জন্য কার্যকর থাকবে।
সমঝোতা স্মারক সইয়ের পর হাম ও ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক ড. কোয়াজী আহমেদ জাকী। বৈঠকে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।
উপাচার্য বলেন, জনস্বাস্থ্যের নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থার কার্যকর সহযোগিতা সময়ের দাবি। তিনি আশা প্রকাশ করে জানান, স্টেট ইউনিভার্সিটি ও ডব্লিউবিবি ট্রাস্টের এই অংশীদারত্ব জনস্বাস্থ্য গবেষণা, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং সমাজভিত্তিক স্বাস্থ্য উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গোলটেবিল বৈঠকে হাম ও ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি, প্রতিরোধ কৌশল, টিকাদান, রোগ নজরদারি, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত জনস্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, জনস্বাস্থ্য সংকট মোকাবেলায় শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি সংস্থা, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক ড. আবু জামিল ফয়সল ও অধ্যাপক ড. শামসুন নাহার, স্টেট কলেজ অব হেলথ সায়েন্সেসের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. আফজালুর রহমান, উপাধ্যক্ষ ড. আনিসুর রহমান, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন, পাবলিক হেলথ ফাউন্ডেশন বাংলাদেশ, বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান, খণ্ডকালীন শিক্ষক, গবেষক, গণমাধ্যমকর্মী এবং শিক্ষার্থীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা ও সমন্বয় করেন বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের সহকারী অধ্যাপক এবং জনস্বাস্থ্য বিষয়ে স্নাতকোত্তর কর্মসূচির সমন্বয়ক মো. আল্লামা ফয়সাল।
দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে জনস্বাস্থ্য শিক্ষা, গবেষণা, নীতিগত সহায়তা এবং সমাজকল্যাণে কৌশলগত অংশীদারত্ব গড়ে তোলার ক্ষেত্রে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের অঙ্গীকার আরো শক্তিশালী হয়েছে।
—বিজ্ঞপ্তি