চীনে পণ্য বিক্রিতে ধীরগতি এবং পণ্য সম্ভারে পরিবর্তনের মতো সিদ্ধান্ত নাইকিকে চাপে ফেলেছে। গত ৩০ নভেম্বর শেষ হওয়া প্রান্তিকের আর্থিক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, টানা দ্বিতীয়বারের মতো গ্রস মার্জিনে পতন দেখেছে স্পোর্টসওয়্যার জায়ান্টটি। এ খবর প্রকাশ হতেই গত বৃহস্পতিবার নাইকির শেয়ারদরে ১০ শতাংশ পতন ঘটে। খবর রয়টার্স।
আয়ের প্রতিবেদন প্রকাশের পর সিইও এলিয়ট হিল জানিয়েছেন, আর্থিক এ ফলাফল ৯০ দিন আগের প্রাক্বলনের তুলনায় কিছুটা ভালো। তবে কোম্পানির পূর্ণ সম্ভাবনার তুলনায় অনেক দূরে। নাইকি এখনো পুনরুদ্ধারের মধ্যম পর্যায় আছে।
চীনে নাইকির বিক্রি টানা ছয় প্রান্তিক ধরে কমেছে। উত্তর আমেরিকার তুলনায় চীনে কোম্পানিটির বিক্রি পুনরুদ্ধার ধীর হবে।
সর্বশেষ প্রান্তিকে নাইকির গ্রস প্রফিট মার্জিন ৩ শতাংশীয় পয়েন্ট কমে ৪০ দশমিক ৬ শতাংশে নেমেছে। এতে বড় ধরনের ভূমিকা রাখছে মার্কিন শুল্ক। এতে কোম্পানির খরচ বাড়ছে বছরে ১৫০ কোটি ডলার।
বিশ্লেষকরা বলছেন, চীনে অন ও হোকার মতো নতুন অ্যাথলেটিকস সু নির্মাতাদের কাছে বাজার হিস্যা হারাচ্ছে নাইকি। ভবিষ্যতের সফলতার ওপর ভিত্তি হিসেবে অ্যাথলেটদের আস্থা পুনরুদ্ধারে জোর দিয়েছেন এলিয়ট হিল।
নভেম্বরে শেষ হওয়া প্রান্তিকে নাইকির বৈশ্বিক আয় বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৪০ কোটি ডলারে। এটি বিশ্লেষকদের গড় পূর্বাভাস ১ হাজার ২২০ কোটি ডলারের তুলনায় বেশি। তবে দুই বছর আগের একই প্রান্তিকের তুলনায় প্রায় ১০০ কোটি ডলার কম।
উত্তর আমেরিকা এবং ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলে নাইকির আয় বেড়েছে। চীনে বিক্রি ১৭ শতাংশ কমে ১৪০ কোটি ডলারে নেমেছে। এর মধ্যে বার্ষিক ভিত্তিতে জুতা বিক্রি কমেছে ২৪ কোটি ৯০ লাখ ডলারের।
নাইকির সিএফও ম্যাথু ফ্রেন্ড জানিয়েছেন, চীনের ব্যবসা বিভিন্ন ধরনের সমস্যায় পড়েছে। সেখানকার আউটলেটে ক্রেতা কমেছে। মজুদ দ্রুত খালি করতে বড় ছাড় দিতে হয়েছে ।
চীনের খুচরা অংশীদারদের মাধ্যমে পরিচালিত হয় নাইকির আউটলেট। এলিয়ট হিল বলেন, ‘আউটলেট নেটওয়ার্কে পর্যাপ্ত বিনিয়োগ করিনি আমরা। দোকানগুলো আকর্ষণীয় নয়। সাংহাই ও বেইজিংয়ের আউটলেটে বিনিয়োগ বাড়ানো হচ্ছে।’
এলিয়ট হিল এও স্বীকার করেছেন, ব্যবসায়িক কার্যক্রম পুনর্গঠনের অন্যতম হলো চীনের বিস্তৃত ই-কমার্স বাজারের সঙ্গে মানিয়ে নেয়া। তবে এতে সময় লাগবে। নাইকি চলতি মাসের শুরুতে ঊর্ধ্বতন নেতৃত্বে পরিবর্তন এনেছে। প্রধান অপারেটিং অফিসার নিযুক্ত হয়েছেন ভেঙ্কটেশ আলাগিরিসামি, যিনি প্রযুক্তি ও অপারেশনস বিভাগ দেখবেন।