টানা চতুর্থ সপ্তাহে জাপানি রাবারের দাম বেড়েছে

শীর্ষ উৎপাদনকারী দেশ থাইল্যান্ডে খারাপ আবহাওয়ায় টানা চতুর্থ সপ্তাহে জাপানি রাবারের দাম বেড়েছে।

শীর্ষ উৎপাদনকারী দেশ থাইল্যান্ডে খারাপ আবহাওয়ায় টানা চতুর্থ সপ্তাহে জাপানি রাবারের দাম বেড়েছে। তবে সংগ্রহ মৌসুম শুরু হওয়ার সম্ভাবনা ও জ্বালানি তেলের দরপতনের কারণে এ মূল্যবৃদ্ধি সীমিত ছিল। খবর বিজনেস রেকর্ডার।

ওসাকা এক্সচেঞ্জে (ওএসই) অক্টোবরের সরবরাহ চুক্তিতে শুক্রবার প্রাকৃতিক রাবারের দাম ১ দশমিক ৯ ইয়েন বা দশমিক ৫৯ শতাংশ কমে কেজিপ্রতির দর দাঁড়ায় ৩২০ ইয়েনে (প্রায় ২ ডলার ২৩ সেন্ট)। যদিও সপ্তাহজুড়ে চুক্তিটির দাম ২ দশমিক ১১ শতাংশ বেড়েছে।

অন্যদিকে সাংহাই ফিউচার্স এক্সচেঞ্জে (এসএইচএফই) সেপ্টেম্বরের সরবরাহ চুক্তিতে প্রাকৃতিক রাবারের দাম ৩৫০ ইউয়ান বা ২ দশমিক ৩৫ শতাংশ কমে টনপ্রতি দাঁড়ায় ১৪ হাজার ৫৩৫ ইউয়ানে (প্রায় ২ হাজার ১৯ ডলার ৩ সেন্ট)।

থাইল্যান্ডের আবহাওয়া অধিদপ্তর কৃষকদের সতর্ক করে জানিয়েছে, ২৩-২৭ মে পর্যন্ত ভারি বৃষ্টিপাত ও পানি জমে থাকায় হঠাৎ বন্যার আশঙ্কা রয়েছে, যা ফসলের ক্ষতি করতে পারে।

চায়না ইন্টারন্যাশনাল ক্যাপিটাল করপোরেশন (সিআইসিসি) ফিউচার্স জানিয়েছে, মে ও জুনে মূল উৎপাদন এলাকার জন্য সংগ্রহ মৌসুমে প্রবেশের পূর্ববর্তী সময় হওয়ায় এখন কাঁচামালের উৎপাদন অস্থায়ীভাবে কম।

চীনের রাবার বিক্রয় পোর্টাল ‘ন্যাচারাল রাবার নেটওয়ার্ক’ বলছে, কাঁচামালের দাম স্বল্পমেয়াদে স্থিতিশীল থাকলেও সরবরাহের ওপর চাপ ধীরে ধীরে বাড়ছে।

আরও