নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা ও তত্ত্বাবধানে স্মার্ট সাবমিশন সিস্টেমে (এসএসএস) রেগুলেটরি সাবমিশন মডিউল ও সিএসই অনবোর্ডিং উদ্বোধন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ফলে এখন থেকে তালিকাভুক্ত কোম্পানিগুলো মূল্যসংবেদনশীল তথ্যসহ সব ধরনের প্রতিবেদন, বিবরণী ও নথি ডিজিটাল প্লাটফর্মে জমা দিতে পারবে।
ডিএসইর মাল্টিপারপাস হলে গতকাল তালিকাভুক্ত কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি), কোম্পানি সচিব ও প্রধান অর্থ কর্মকর্তাদের (সিএফও) উপস্থিতিতে এটি উদ্বোধন করা হয়। স্মার্ট সাবমিশন সিস্টেম গত বছরের ১২ ফেব্রুয়ারি চালু হয়েছিল।
ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএসইসি কমিশনার মো. সাইফুদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে মো. সাইফুদ্দিন বলেন, ডিএসইর নতুন ডিজিটাল সাবমিশন প্লাটফর্ম উদ্বোধন করা হয়েছে। ডিএসইর দুজন প্রতিনিধি শেনজেন স্টক এক্সচেঞ্জে ১৫ দিনের প্রশিক্ষণ সম্পন্ন করে অভিজ্ঞতার আলোকে ইন হাউজ টিমের সহায়তায় স্থানীয় সিস্টেম উন্নয়নে কাজ করেছেন। ফলে নিয়ন্ত্রক, অডিটর ও অন্যান্য অংশীজনের তথ্য ব্যবহারের দক্ষতা বাড়াবে।
ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, এখন থেকে মূল্যসংবেদনশীল তথ্য, রেগুলেটরি রিপোর্ট, আর্থিক বিবরণী ও প্রয়োজনীয় নথি ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে জমা দেয়া যাবে এবং হার্ড কপি সাবমিশন পদ্ধতি পুরোপুরি বাতিল করা হয়েছে। এর ফলে অংশীজনদের সময়, ব্যয় ও নথিজট উল্লেখযোগ্যভাবে কমবে এবং তথ্য ব্যবস্থাপনা নিরাপদ, দ্রুত ও পরিবেশবান্ধব হবে। এটি কোম্পানির কমপ্লায়েন্স গ্যাপ কমিয়ে ভবিষ্যতে লিস্টিং ও আইপিও প্রক্রিয়াকে আরো গতিশীল করার ভিত্তি তৈরি করবে।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুব বলেন, দেশের পুঁজিবাজার ডিজিটালাইজেশনে পিছিয়ে থাকলেও এটি একটি গুরুত্বপূর্ণ সূচনা। বিনিয়োগকারীদের আস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও নির্ভরযোগ্য তথ্যপ্রবাহ অপরিহার্য, এ ধরনের ডিজিটাল প্লাটফর্ম সেই আস্থা ফিরিয়ে আনতে সহায়ক হবে। সবার উদ্যোগ ও সহযোগিতায় এ প্রক্রিয়ার মাধ্যমে বাজারের অগ্রগতি আরো ত্বরান্বিত হবে।
এফআরসির নির্বাহী পরিচালক নাবিল জে আহমেদ তার বক্তব্যে বলেন, পুঁজিবাজারের ডিজিটাইজেশন বহু বছর ধরে চ্যালেঞ্জের মুখে থাকলেও বর্তমান উদ্যোগ এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এ ডিজিটাল প্লাটফর্ম কার্যকর হলে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত হবে।
ডিবিএ প্রেসিডেন্ট সাইফুল ইসলাম তার বক্তব্যে বলেন, নতুন প্লাটফর্ম ডাটা সংগ্রহ ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে ডাটার প্রকৃত মূল্যায়নের জন্য একে সঠিকভাবে ব্যবহার করতে হবে। এ প্লাটফর্ম বাজারে স্বচ্ছতা, তথ্যপ্রবাহ ও বিনিয়োগ সিদ্ধান্তকে আরো শক্তিশালী করবে।
অনুষ্ঠানে ডিএসইর সহকারী মহাব্যবস্থাপক মো. ররিউল ইসলাম এক প্রেজেন্টেশনের মাধ্যমে রেগুলেটরি সাবমিশন মডিউল ও সিএসই অনবোর্ডিংয়ের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।