সিলেটে বাণিজ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্র নতুন শুল্ক আরোপ করেনি, প্রতিস্থাপন করেছে

যুক্তরাষ্ট্র নতুন করে কোনো শুল্ক আরোপ করেনি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তার দাবি, দেশটি আগের শুল্কই আইনি বাধ্যবাধকতার কারণে নতুন নামে প্রতিস্থাপন করেছে। সিলেটে গতকাল চা শ্রমিকদের জন্য আয়োজিত বিনামূল্যের মেডিকেল ক্যাম্প, পরিবার পরিকল্পনা, মা ও শিশু সেবা এবং চক্ষু ক্যাম্পের উদ্বোধনকালে এ কথা বলেন।

যুক্তরাষ্ট্র কর্তৃক নতুন ১০ শতাংশ শুল্ক আরোপ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘প্রকৃতপক্ষে শুল্ক পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটেনি। আগে যে শুল্ক আরোপ করেছিল তা আইনি বাধ্যবাধকতার কারণে ১৫০ দিনের মধ্যে এটি মেয়াদোত্তীর্ণ হয়ে যাবে। আগের শুল্ক মেয়াদোত্তীর্ণ হলে নতুন শুল্ক কার্যকর হবে। ফলে এটি নতুন শুল্ক আরোপ নয়, রিপ্লেসমেন্ট (প্রতিস্থাপন) বলা যায়।’

এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘চা বাগান এলাকায় শিক্ষা, স্বাস্থ্যসহ নানা বিষয়কে গুরুত্ব দিচ্ছে সরকার। মেডিকেল ক্যাম্প চালু হলে শহরে নয়, বাগানেই মিলবে স্বাস্থ্যসেবা।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেনসহ সংশ্লিষ্টরা।

আরও