মধ্যপ্রাচ্যের ছয় রুটে বিমানের ফ্লাইট স্থগিত

যে সব যাত্রী স্থগিত হওয়া রুটগুলোর টিকিট এরই মধ্যে সংগ্রহ করে ফেলেছেন তাদের জন্য বিশেষ সুবিধা রয়েছে। কোনো অতিরিক্ত খরচ ছাড়াই এসব তারা টিকিটের টাকা ফেরত নিতে পারবেন। এছাড়া চাইলে বিনামূল্যে যাত্রার তারিখ পরিবর্তন করার সুযোগও রাখা হয়েছে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে ছয়টি রুটে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। গত ২৮ ফেব্রুয়ারি থেকে আবুধাবি, শারজা, দুবাই, দোহা, কুয়েত ও দাম্মাম রুটের সব ফ্লাইট বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ রুটগুলোয় উড়োজাহাজ চলাচল স্থগিত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

একটি বিজ্ঞপ্তিতে আজ বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, এ ছয় রুট বাদে মধ্যপ্রাচ্যের অন্যান্য গন্তব্যে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। জেদ্দা, মদিনা, রিয়াদ ও মাস্কাট রুটে নির্ধারিত সময় অনুযায়ী ফ্লাইট পরিচালিত হচ্ছে।

বিমানের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষাকে তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, যে সব যাত্রী স্থগিত হওয়া রুটগুলোর টিকিট এরই মধ্যে সংগ্রহ করে ফেলেছেন তাদের জন্য বিশেষ সুবিধা রয়েছে। কোনো অতিরিক্ত খরচ ছাড়াই এসব তারা টিকিটের টাকা ফেরত নিতে পারবেন। এছাড়া চাইলে বিনামূল্যে যাত্রার তারিখ পরিবর্তন করার সুযোগও রাখা হয়েছে। দেশ ও বিদেশের যেকোনো বিমান সেলস সেন্টার বা সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সি থেকে এ সেবা পাওয়া যাবে।

ফ্লাইট সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যাত্রীদের বিমানের কল সেন্টারে যোগাযোগ করতে বলা হয়েছে। দেশের ভেতর থেকে ১৩৬৩৬ এবং বিদেশ থেকে +৮৮০৯৬১০৯১৩৬৩৬ নম্বরে কল করে বিস্তারিত জানা যাবে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। নতুন তথ্য যাত্রীদের যথাসময়ে জানিয়ে দেয়া হবে।

সাময়িক এ অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

আরও