বিএসডব্লিউর সফট লঞ্চিং

আমদানি-রফতানির সব কাজ মার্চ থেকে কাগজবিহীন হবে —অর্থ উপদেষ্টা

আগামী মার্চ থেকে দেশের আমদানি-রফতানির সব কার্যক্রম কাগজবিহীন হবে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

আগামী মার্চ থেকে দেশের আমদানি-রফতানির সব কার্যক্রম কাগজবিহীন হবে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। রাজধানীর একটি হোটেলে গতকাল বাংলাদেশ সিঙ্গেল উইন্ডোর (বিএসডব্লিউ) সফট লঞ্চিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, ‘বিগত ১৫ বছরে ডিজিটাল করতে অনেক টাকা ব্যয় করা হলেও তা ফলপ্রসূ হয়নি। আমাদের শুধু ডিজিটালের গল্প শোনানো হয়েছে। যাত্রাবাড়ী থানা পুড়ে গেল, কোনো ব্যাকআপ ডকুমেন্ট রইল না।’

সরকার কার্যকর ডিজিটাল দেশ গড়তে অর্থায়ন করবে—উল্লেখ করে ড. সালেহউদ্দিন আহমেদ জানান, মার্চ থেকে আমদানি-রফতানির সব কাজ কাগজবিহীন হবে।

অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘সচিবালয়ে অগ্নিকাণ্ডের মাধ্যমে আমাদের কাছে ডিজিটালের গুরুত্ব উপলব্ধি হয়েছে। সব নথিপত্র পুড়ে গেল, কোনো ব্যাকআপ থাকল না। অথচ বলা হয়েছিল দেশ ডিজিটাল হয়ে গেছে, স্মার্ট হয়ে যাচ্ছে।’

২০১৭ সালে গৃহীত এ প্রকল্পের উদ্দেশ্য হলো কাস্টমসসংক্রান্ত ১৯টি সংস্থার কার্যক্রমকে একত্রিত করা। এটি ব্যবসা-বাণিজ্যের কাজ সহজতর করার পাশাপাশি আন্তর্জাতিক মান বজায় রাখার লক্ষ্যও বহন করে।

আরও