তীব্র তাপপ্রবাহে ক্ষতিগ্রস্ত কৃষকদের ১০০ কোটি ইউরো দেবে ফ্রান্স

চলতি গ্রীষ্মের শুষ্ক ও উষ্ণ আবহাওয়ার প্রভাব ফ্রান্সের অর্থনীতিতেও পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

রেকর্ড তাপপ্রবাহ ও খরায় ক্ষতির মুখে পড়েছে ফ্রান্সের কৃষি ব্যবস্থা। এ পরিস্থিতিতে কৃষকদের জন্য ১০০ কোটি ইউরোর বেশি সহায়তা ঘোষণা করেছে দেশটির সরকার। চলতি গ্রীষ্মের তীব্র গরম ও খরায় ফ্রান্সে ফসল, চারণভূমি ও পানির উৎস ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে এক প্রতিবেদনে জানায় রয়টার্স।

ফ্রান্সের কৃষিমন্ত্রী অ্যানি জেনেভার্ড গত শুক্রবার এ সহায়তার ঘোষণা দেন। তিনি বলেন, বর্তমান বাজেট পরিস্থিতিতে ১০০ কোটি ইউরোর সহায়তা বড় ধরনের উদ্যোগ। সরকারের তাৎক্ষণিক লক্ষ্য হলো কৃষকদের জরুরি পরিস্থিতি সামাল দিতে সহায়তা করা।

কৃষিমন্ত্রী অ্যানি আরো জানান, সহায়তা প্যাকেজের প্রায় অর্ধেক, অর্থাৎ ৫২ কোটি ইউরো দ্রুতই কৃষকদের দেয়া হবে। আবহাওয়াজনিত ক্ষতি সামাল দিতে এ অর্থ ব্যবহার করতে পারবেন তারা।

তিনি জানান, প্রায় ৩০ হাজার থেকে ৩৫ হাজার খামার বর্তমানে আর্থিক সংকটে রয়েছে। তাদের সহায়তায় প্যাকেজে ২৩ কোটি ৫০ লাখ ইউরোর একটি পুনরুদ্ধার তহবিলও রাখা হয়েছে। এখান থেকে কৃষকরা বীজ, ফসলের জন্য প্রয়োজনীয় উপকরণ ও পশুখাদ্য কিনতে পারবেন। এছাড়া খরার কারণে অনেক কৃষিজমি শুকিয়ে গেছে। ফলে নতুন করে উৎপাদন শুরু করতেও কৃষকদের বাড়তি অর্থের প্রয়োজন হচ্ছে।

এদিকে চলতি গ্রীষ্মের শুষ্ক ও উষ্ণ আবহাওয়ার প্রভাব ফ্রান্সের অর্থনীতিতেও পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। দেশটির অর্থ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, কৃষি খাতে আয় কমে যাওয়ায় চলতি বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি দশমিক ১ শতাংশীয় পয়েন্ট কমতে পারে।

ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে বড় কৃষি উৎপাদক দেশ ফ্রান্স। এর মধ্যেই চলতি সপ্তাহে দেশটিতে ফের তাপপ্রবাহের আশঙ্কা করা হচ্ছে। ফলে কৃষকদের ওপর চাপ আরো বাড়তে পারে।

আরও