আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম কমেছে। শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) ৭ অক্টোবর সয়াবিন তেলের ভবিষ্যৎ সরবরাহ চুক্তিমূল্য ৩ দশমিক ১৯ শতাংশ কমে গেছে। এটি ১১ সেপ্টেম্বরের পর সবচেয়ে বড় দরপতন। সয়াবিন তেলের দাম কমলেও বেড়েছে সয়াবিনের খৈলের দাম। পাশাপাশি ডলারের শক্তিশালী অবস্থান, যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের সুদহার বৃদ্ধি এবং অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাজারে চাপ তৈরি করেছে। খবর হেলেনিক শিপিং নিউজ।
বাজারের তথ্যানুযায়ী, ডিসেম্বরে সরবরাহ চুক্তিতে সয়াবিন তেলের দাম প্রতি পাউন্ডে ৬৭ দশমিক ৬৮ সেন্টে নেমে এসেছে। আগের দিন এর দাম ছিল প্রতি পাউন্ড ৬৯ দশমিক ৯১ সেন্ট। অর্থাৎ একদিনেই দরপতন হয়েছে ২ দশমিক ২৩ সেন্ট বা ৩ দশমিক ১৯ শতাংশ।
অন্যদিকে ডিসেম্বরে সরবরাহে সয়াবিন খৈলের প্রতি শর্ট টনের দাম ১১ ডলার বা ৩ দশমিক ১ শতাংশ বেড়ে ৩৬৫ ডলার ৮০ সেন্টে উঠেছে। সয়াবিন তেল ও খৈলের দামের এ বিপরীতমুখী প্রবণতা বাজারে নতুন হিসাবনিকাশের ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা। এ দুই পণ্যের দামের ব্যবধানকে কেন্দ্র করে লেনদেনও তেলের দামে চাপ তৈরি করে থাকতে পারে। তবে শিকাগোর বাজারে দরপতন হলেও আর্জেন্টিনা ও ব্রাজিলে সয়াবিন তেলের রফতানির ভিত্তিমূল্য কিছুটা শক্তিশালী হয়েছে। এতে আন্তর্জাতিক বাজারে দাম কমার প্রভাব কিছুটা সীমিত ছিল।
এসঅ্যান্ডপি গ্লোবাল এনার্জির প্লাটসের হিসাবে, আর্জেন্টিনার আপ রিভার বন্দর থেকে নভেম্বরে সরবরাহ চুক্তিতে সয়াবিন তেলের দাম প্রতি টনে ১ হাজার ১৯৪ ডলার ৪৭ সেন্টে নেমেছে। আগের দিনের তুলনায় দাম কমেছে ১৮ ডলার ২৯ সেন্ট। তবে সিবিওটির ডিসেম্বর চুক্তির তুলনায় ভিত্তিমূল্য ১৪০ পয়েন্ট বেড়েছে।
ব্রাজিলের পারানাগুয়া বন্দর থেকে নভেম্বরে সরবরাহে সয়াবিন তেলের দাম প্রতি টনে ১৮ ডলার ৩০ সেন্ট কমে ১ হাজার ২০৭ ডলার ৬৯ সেন্ট হয়েছে। ডিসেম্বরে সরবরাহের দামও একই পরিমাণ কমে ১ হাজার ২০৩ ডলার ২৮ সেন্টে দাঁড়িয়েছে।