শিশুদের জন্য তৈরি এসএমএ ও ফলো-অন ব্র্যান্ডের কয়েকটি ব্যাচের ফর্মুলা দুধ বৈশ্বিক বাজার থেকে তুলে নিচ্ছে খাদ্যপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান নেসলে। বিষক্রিয়া সৃষ্টি করতে পারে এমন একটি টক্সিন বা বিষাক্ত পদার্থের উপস্থিতির আশঙ্কায় এ পদক্ষেপ নেয়া হয়েছে। খবর বিবিসি।
সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠানটি জানিয়েছে, নেসলের এসএমএ ব্র্যান্ডের ইনফ্যান্ট ফর্মুলা ও ফলো-অন ফর্মুলার নির্দিষ্ট কিছু ব্যাচ শিশুদের খাওয়ানোর জন্য নিরাপদ নয়।
উল্লেখ্য, শিশুদের বয়সের ওপর ভিত্তি করে এসব গুঁড়া দুধ তৈরি করে নেসলে।
কর্তৃপক্ষ জানিয়েছে, প্রত্যাহার করা ব্যাচগুলোয় ‘সেরিউলাইড’ নামের টক্সিন থাকার আশঙ্কা করা রয়েছে, যা শিশুদের শরীরে প্রবেশ করলে বমির উদ্রেক করতে পারে।
এসব পণ্যের কারণে কেউ অসুস্থ হয়েছে এমন কোনো নিশ্চিত তথ্য এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছে কোম্পানিটি। তবু সর্বোচ্চ সতর্কতার অংশ হিসেবে পণ্যগুলো বাজার থেকে ফিরিয়ে নেয়া হচ্ছে।
নেসলে এক বিবৃতিতে বলেছে, শিশুদের নিরাপত্তা ও সুস্থতাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এ ঘটনায় অভিভাবক, পরিচর্যাকারী ও গ্রাহকদের যেকোনো উদ্বেগ বা ভোগান্তির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
কোম্পানিটির অভিযোগ, কাঁচামাল সরবরাহকারীরা ভুলবশত ত্রুটিপূর্ণ উপাদান দেয়ায় এ সমস্যা হয়েছে। পাশাপাশি যারা এ নির্দিষ্ট ব্যাচের পণ্য কিনেছেন, তাদের পুরো অর্থ ফেরত দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে নেসলে।
ক্ষতিগ্রস্ত ব্যাচ নম্বরগুলোর বিস্তারিত তালিকা কোম্পানির নিজস্ব ওয়েবসাইট অথবা যুক্তরাজ্যের ফুড স্ট্যান্ডার্ডস এজেন্সির ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।
যুক্তরাজ্যের ফুড স্ট্যান্ডার্ডস এজেন্সি জানিয়েছে, ‘ব্যাসিলাস সেরিয়াস’ নামক ব্যাকটেরিয়ার কিছু নির্দিষ্ট প্রজাতি থেকে সেরিউলাইড টক্সিন উৎপন্ন হয়। এটি অত্যন্ত শক্তিশালী ও মানবদেহে দ্রুত বিষক্রিয়ার সৃষ্টি করে।
ফুড স্ট্যান্ডার্ডস এজেন্সির ইনসিডেন্ট বিভাগের প্রধান জেন রাউলিং বাবা-মা, অভিভাবক ও শিশুদের দেখাশোনা করেন এমন ব্যক্তিদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন। তিনি জানান, আক্রান্ত ব্যাচগুলোর পণ্য কোনোভাবেই যেন শিশুদের খাওয়ানো না হয়।