দেশের পুঁজিবাজারে গতকাল সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। এদিন সূচকের পাশাপাশি দৈনিক লেনদেনও বেড়েছে। গতকাল পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা ক্রয়প্রবণতা দেখা গেছে। অবশ্য সতর্ক বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রির প্রবণতাও ছিল লক্ষণীয়।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেন শুরুর পর থেকে আধা ঘণ্টা ঊর্ধ্বমুখী ছিল সূচক। এরপর শেয়ার বিক্রির চাপ বাড়ায় কমতে থাকে সূচক। দুপুর ১২টার পর শেয়ার কেনার চাপ বাড়লে আবারো সূচকে ঊর্ধ্বমুখিতা দেখা যায়। দিন শেষে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৯৫ পয়েন্টে অবস্থান করছে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বীকন ফার্মা, ইউসিবি ব্যাংক, ডেল্টা লাইফ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ ও ওয়ালটন শেয়ার।
ডিএসইতে গতকাল ৪১২ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৩৩৮ কোটি টাকা। এদিন লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ১৮০টির, কমেছে ১৩৭টির আর অপরিবর্তিত ছিল ৮০টির বাজারদর।
খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৬ দশমিক ৪ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে খাদ্য ও আনুষঙ্গিক খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ দশমিক ৫ শতাংশ দখলে নিয়েছে ওষুধ ও রসায়ন খাত। ১১ দশমিক ২ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে বস্ত্র খাত। জীবন বীমা খাত ৯ দশমিক ৫ শতাংশ লেনদেনের ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল। পঞ্চম অবস্থানে থাকা প্রকৌশল খাতের দখলে ছিল লেনদেনের ৭ দশমিক ১ শতাংশ।
গতকাল ডিএসইতে খাতভিত্তিক রিটার্নের ক্ষেত্রে মিশ্র অবস্থা দেখা গেছে। এদিন ১২টি খাতে ইতিবাচক রিটার্নের বিপরীতে আট খাতের শেয়ারে নেতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে জীবন বীমা খাতে ৪ দশমিক ৭ শতাংশ, কাগজ ও মুদ্রণ খাতে ২ দশমিক ৪ ও চামড়া খাতে ২ দশমিক ২ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে। অন্যদিকে জ্বালানি ও বিদ্যুৎ খাতে দশমিক ৮ শতাংশ, টেলিকম খাতে দশমিক ৭ এবং ভ্রমণ ও আবাসন খাতে দশমিক ৫ শতাংশ নেতিবাচক রিটার্ন ছিল।
দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ২২ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল ৩৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫০২ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২০৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ৬৮টির আর অপরিবর্তিত ছিল ৩৫টির বাজারদর। গতকাল সিএসইতে ১১ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৪ কোটি টাকা।