জেপি মরগানের মুনাফায় উল্লম্ফন

যুক্তরাষ্ট্রের বৃহত্তম ব্যাংক জেপি মরগান চেজের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) মুনাফা বেড়েছে।

বড় করপোরেট চুক্তি সম্পাদন ও শেয়ারবাজারের অস্থিরতার সুযোগে ইনভেস্টমেন্ট ব্যাংক খাত থেকে বেশি আয় করেছে ব্যাংকটি।

৩০ জুন শেষ হওয়া প্রান্তিকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঋণদাতা প্রতিষ্ঠানটি ২ হাজার ১২০ কোটি ডলার নিট মুনাফা করেছে। এ সময় প্রতি শেয়ারে আয় হয়েছে ৭ ডলার ৭ সেন্ট। গত বছরের একই সময়ে ব্যাংকটির মুনাফা ছিল ১ হাজার ৪৯৯ কোটি ডলার।

জেপি মরগানের প্রধান নির্বাহী (সিইও) জেমি ডাইমন বলেন, ‘চলতি বছর মার্কিন অর্থনীতি উল্লেখযোগ্য স্থিতিস্থাপকতা দেখিয়েছে। ব্যবসায় বিনিয়োগ ও কর্মসংস্থান বেড়েছে। এআই-চালিত মূলধনি বিনিয়োগ ও দক্ষ নিয়ন্ত্রণ ব্যবস্থা এ প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে।’

আর্থিক ফলাফল প্রকাশের পর ব্যাংকটির শেয়ারদর ১ শতাংশ বেড়েছে।’

ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ের আয়ের দিক থেকে জেপি মরগান বিশ্ব বাজারে শীর্ষ অবস্থান ধরে রেখেছে। দীর্ঘদিন মন্দা থাকার পর যুক্তরাষ্ট্রের আইপিও (প্রাথমিক গণপ্রস্তাব) বাজার আবার চাঙ্গা হয়েছে। এর নেতৃত্ব দিয়েছে ইলোন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স। কোম্পানিটির ২ লাখ কোটি ডলারের বেশি মূল্যের আইপিও পুঁজিবাজারের ইতিহাসে সর্ববৃহৎ। এ আইপিও ব্যবস্থাপনার যৌথ দায়িত্বে ছিল জেপি মরগান। এছাড়া দ্বিতীয় প্রান্তিকে জেপি মরগানের ইনভেস্টমেন্ট ব্যাংকিং ফি আগের বছরের তুলনায় ৩০ শতাংশ বেড়েছে।

পাশাপাশি মধ্যপ্রাচ্যে সংঘাত ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটার কারণে পুরো প্রান্তিকেই আন্তর্জাতিক বাজার অস্থির ছিল। এ পরিস্থিতির সুযোগ নিয়ে শেয়ার ও বন্ডের লেনদেন থেকে বড় অংকের উইন্ডফল বা আকস্মিক মুনাফা তুলেছে ব্যাংকটি। খবর রয়টার্স

আরও