সপ্তাহের প্রথম দিন গতকাল দরপতনের মধ্য দিয়ে শেষ হয়েছে দেশের পুঁজিবাজারের লেনদেন। এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেনে নিম্নমুখিতা দেখা গেছে। পুঁজিবাজারে দরপতনের পেছনে গতকাল ব্যাংক খাতের শেয়ারের নিম্নমুখিতা প্রভাব রেখেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেনের শুরুর প্রথম ১০ মিনিট কিছুটা ঊর্ধ্বমুখী ছিল সূচক। তবে শেয়ার বিক্রির চাপে এর পর থেকেই পয়েন্ট হারাতে শুরু করে সূচক। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট হারিয়ে ৫ হাজার ১২৭ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ১৫০ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ১১ পয়েন্ট কমে ১ হাজার ৯৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৯৯৮ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস এদিন ৫ পয়েন্ট কমে ১ হাজার ৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৮৯ পয়েন্ট।
গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা রাখা শীর্ষ ১০ শেয়ারের পাঁচটি ছিল ব্যাংক খাতের। এ ১০ কোম্পানির শেয়ারের দরপতনে পুঁজিবাজারে সূচক কমেছে ১৭ দশমিক ৬ পয়েন্ট। কোম্পানিগুলো হচ্ছে ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, প্রাইম ব্যাংক, লাফার্জহোলসিম বাংলাদেশ, পূবালী ব্যাংক, সিটি ব্যাংক, এক্সিম ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও কোহিনূর কেমিক্যালস।
ডিএসইতে গতকাল ৪৬১ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৬৬৮ কোটি টাকা। গতকাল এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়ার ৩৯৯টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ১৪২টির, কমেছে ১৯৮টির আর অপরিবর্তিত ছিল ৫৯টির বাজারদর।
খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৪ দশমিক ৫ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ব্যাংক খাত। ১২ শতাংশ দখলে নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে সাধারণ বীমা খাত। ওষুধ ও রসায়ন খাতের দখলে ছিল মোট লেনদেনের ৯ দশমিক ২ শতাংশ। ৮ দশমিক ৬ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার চতুর্থ স্থানে ছিল প্রকৌশল খাত। আর পঞ্চম অবস্থানে থাকা বস্ত্র খাতের দখলে ছিল মোট লেনদেনের ৭ দশমিক ৮ শতাংশ।
গতকাল ডিএসইতে অধিকাংশ খাতের শেয়ারেই নেতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ১ দশমিক ৭ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে সিমেন্ট খাতে। এছাড়া তথ্যপ্রযুক্তি খাতে ১ দশমিক ৫, ভ্রমণ ও অবকাশ এবং মিউচুয়াল ফান্ড খাতে ১ শতাংশ করে নেতিবাচক রিটার্ন এসেছে। অন্যদিকে এদিন সাধারণ বীমা খাতে ২ দশমিক ৮ ও পাট খাতে ১ দশমিক ৯ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে।
সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ১৮ পয়েন্ট কমে ৮ হাজার ৮৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই দিনের ব্যবধানে ২৪ পয়েন্ট কমে ১৪ হাজার ৩৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৮৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ৯২টির আর অপরিবর্তিত ছিল ২১টির বাজারদর। গতকাল সিএসইতে ১১ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল প্রায় ১৬ কোটি টাকা।