ঋণকে শেয়ারে রূপান্তর

বিএসইসির সম্মতি পায়নি ড্যাফোডিল কম্পিউটারস

পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি ড্যাফোডিল কম্পিউটারস পিএলসির পর্ষদ গত বছরের নভেম্বরে ড্যাফোডিল গ্রুপ কনসার্নের কাছ থেকে নেয়া ৪৯ কোটি ৩ লাখ ৫০ হাজার টাকার ঋণকে শেয়ারে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছিল।

তবে কোম্পানিটির এ সিদ্ধান্তে সম্মতি দেয়নি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

তথ্যানুসারে, গত ২১ মে এক চিঠির মাধ্যমে বিএসইসির পক্ষ থেকে ড্যাফোডিল কম্পিউটারসের ১৫ টাকা ইস্যু মূল্যের ৩ কোটি ২৬ লাখ ৯০ হাজার নতুন শেয়ার ইস্যুর মাধ্যমে ৪৯ কোটি ৩ লাখ ৫০ হাজার টাকার ঋণ পরিশোধের সিদ্ধান্তে সম্মতি না দেয়ার বিষয়টি জানানো হয়েছে। ড্যাফোডিল গ্রুপের কোম্পানি ক্রিয়েটিভ ইন্টারন্যাশনালের কাছ থেকে এ ঋণ নিয়েছিল তালিকাভুক্ত কোম্পানিটি।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ড্যাফোডিল কম্পিউটারসের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৬ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ১৫ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ড্যাফোডিল কম্পিউটারসের ইপিএস হয়েছে ১৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২১ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ২৪ পয়সায়।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ড্যাফোডিল কম্পিউটারসের ইপিএস হয়েছে ২১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫৪ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ২৪ পয়সায়।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ড্যাফোডিল কম্পিউটারসের ইপিএস হয়েছে ৫৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬৭ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ৪৯ পয়সায়।

ড্যাফোডিল কম্পিউটারসের সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘‌এ প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-২’। ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড।

২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ড্যাফোডিল কম্পিউটারসের অনুমোদিত মূলধন ২০০ কোটি ও পরিশোধিত মূলধন ৪৯ কোটি ৯১ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১৪ কোটি ৭০ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৯৯ লাখ ১২ হাজার ২৬২। এর ৪১ দশমিক ৪০ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৪ দশমিক ৭০, বিদেশী বিনিয়োগকারী দশমিক শূন্য ৬ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২৩ দশমিক ৮৪ শতাংশ শেয়ার রয়েছে।

আরও