স্বাধীনতার পর ১৯৭৩ সালে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সদস্যপদ পায় বাংলাদেশ। এর পর থেকেই দেশজুড়ে বিভিন্ন অবকাঠামো নির্মাণ, সরকারি সেবা ও সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে এডিবি। এখন পর্যন্ত বাংলাদেশকে ৬২ বিলিয়ন ডলারের বেশি ঋণসহায়তা ও অনুদান দিয়েছে এ সংস্থাটি। তবে এখানে প্রকল্প বাস্তবায়নে ধীরগতির কারণে প্রায়ই মেয়াদ ও ব্যয় বেড়ে যায়। এর মধ্যেই আগামী বছর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ (এলডিসি গ্র্যাজুয়েশন) ঘটতে যাচ্ছে। এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে প্রকল্প বাস্তবায়নে আরো দ্রুততা ও দক্ষতা অর্জনের জন্য আহ্বান জানিয়েছে এডিবি।
রাজধানীতে গতকাল আয়োজিত এক সেমিনারে এ আহ্বান জানান এডিবির কান্ট্রি ডিরেক্টর হোয়ি ইউন জং। ‘বিজনেস অপরচুনিটিজ সেমিনার’ শীর্ষক এ সেমিনার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এ আয়োজনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনসাল্টিং ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস (বিএসিইএ), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি (বিএসিআই), বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই) এবং উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ ঠিকাদার, সরবরাহকারী, পরামর্শদাতা, সরকারি কর্মকর্তা ও কূটনৈতিক মহলের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. এহছানুল হক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এডিবির প্রকিউরমেন্ট, পোর্টফোলিও অ্যান্ড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক জেসপার পিডারসেন। এ সময় তিনি বলেন, ‘উন্নয়নশীল সদস্যদেশগুলোর ক্রমবর্ধমান ও পরিবর্তনশীল চাহিদা মেটাতে এডিবি তার প্রকিউরমেন্ট কার্যপ্রণালি আরো দক্ষ, টেকসই, স্বচ্ছ ও গুণমান বাড়াতে কাজ করে যাচ্ছে।’
সেমিনারের শুরুতে এডিবির কান্ট্রি ডিরেক্টর হোয়ি ইউন জং বলেন, ‘বাংলাদেশ ২০২৬ সালে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ করতে যাচ্ছে। দেশটি একই সঙ্গে তার অর্থনীতিকে বৈচিত্র্যায়ণ ও কাঠামোগত সংস্কার করতে চাচ্ছে। এজন্য প্রকল্প বাস্তবায়নে দক্ষতা ও দ্রুততার ওপর গুরুত্বারোপ করেছে এডিবি।’
তিনি আরো বলেন, ‘সরকারি কেনাকাটায় অর্থের মূল্য, দক্ষতা, ন্যায্যতা, স্বচ্ছতা ও গুণগতমান নিশ্চিতে আমরা বিভিন্ন অংশীজনদের সঙ্গে কাজ করছি। একই সঙ্গে এডিবির বেসরকারি খাত সম্প্রসারণসংক্রান্ত কৌশলগত দিকনির্দেশনার আলোকে আমরা এ খাতের ব্যবসায়িক সুযোগগুলোকেও উৎসাহিত করছি।’
সেমিনারে বাংলাদেশের স্থানীয় শিল্পের বিকাশে সহায়তা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে এডিবি।
বৈশ্বিক শীর্ষস্থানীয় ও বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংক এডিবি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল উন্নয়নে সহায়তা করে আসছে। ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এ ব্যাংকের বর্তমান সদস্য সংখ্যা ৬৯। এর মধ্যে ৪৯টি দেশই এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলভুক্ত। বাংলাদেশে বর্তমানে এডিবির ১২ বিলিয়ন ডলারের ৫১টি প্রকল্প চলমান রয়েছে।