ব্যাংকার-এসএমই নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন

নারী উদ্যোক্তাদের ঋণ দেয়ার তাগিদ দিলেন গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, ‘দেশের ব্যাংক খাতে মোট ঋণের মাত্র ৬ শতাংশ নারীরা পেয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, ‘দেশের ব্যাংক খাতে মোট ঋণের মাত্র ৬ শতাংশ নারীরা পেয়েছেন। এটি মোটেও বাস্তবসম্মত নয়। নারী উদ্যোক্তাদের জন্য কীভাবে ঋণ বৃদ্ধি করা যায়, সে বিষয়ে উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে তাদের আর্থিক সচেতনতা বাড়াতে হবে।’

রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে গতকাল আয়োজিত ‘ব্যাংকার-এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ, পণ্য প্রদর্শনী ও মেলা ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের আয়োজনে চারদিনব্যাপী এ মেলায় বিভিন্ন জেলার ৬৮ জন নারী উদ্যোক্তা বিভিন্ন পণ্য নিয়ে এসেছেন।

প্রধান অতিথির বক্তব্যে গভর্নর বলেন, ‘আমরা নারী উদ্যোক্তাদের ঋণ দেব, তবে তা কেবল কেন্দ্রীয় ব্যাংকের তহবিল বাড়িয়ে নয়। কারণ, সেখান থেকে দিলে নতুন টাকা তৈরি করতে হয়। নারীদের ঋণ দিতে হবে ব্যাংকগুলোর নিজস্ব তহবিল থেকে, সেটি তাদের অধিকার বিবেচনায় রেখেই।’

বাংলাদেশের অর্থনীতির বড় সংকট হিসেবে তিন বছর ধরেই উচ্চ মূল্যস্ফীতির বিষয়টি আলোচিত হচ্ছে। সর্বশেষ এপ্রিলেও মূল্যস্ফীতির হার দেখানো হয়েছে ৯ দশমিক ১৭ শতাংশ। গতকালের অনুষ্ঠানে দেশের মূল্যস্ফীতি কমিয়ে আনার বিষয়ে কথা বলেন গভর্নর। সরকারের চেষ্টা ও নীতির ধারাবাহিকতা থাকলে মূল্যস্ফীতি ৪ থেকে ৫ শতাংশে নামিয়ে আনা অসম্ভব কিছু নয় বলেও মন্তব্য করেন তিনি।

গভর্নর বলেন, ‘দেশে খাদ্য মূল্যস্ফীতি ছিল সাড়ে ১৪ শতাংশ। এখন তা সাড়ে ৮ শতাংশে নেমে এসেছে। খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল সাড়ে ১২ শতাংশের বেশি, সেটি এখন ৯ শতাংশের চেয়ে একটু বেশি। আমি আশাবাদী, এটা আস্তে আস্তে আরো কমবে।’

অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার, নির্বাহী পরিচালক মো. খসরু পারভেজ, সিটি ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন প্রমুখ।

আরও