ভূমিকম্পের আতঙ্কে ব্যাংককে কনডোমিনিয়াম বিক্রি হ্রাসের আশঙ্কা

মিয়ানমার ও থাইল্যান্ডে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে গত ২৮ মার্চ।

মিয়ানমার ও থাইল্যান্ডে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে গত ২৮ মার্চ। এর প্রভাবে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি নির্মাণাধীন বহুতল ভবন ধসে পড়েছে। এতে মৃত্যু হয়েছে অন্তত ১৯ জনের। নিখোঁজ হয়েছেন আরো অনেকে। ফলে নিরাপত্তা নিয়ে শঙ্কায় দেশটিতে ক্ষতির মুখে ৪৫ হাজার কোটি বাথ (সর্বশেষ বিনিময় হার অনুযায়ী ১ ডলারে ৩৪ দশমিক ১৪ বাথ) মূল্যের কনডোমিনিয়াম মার্কেট। ক্রয় আপতত স্থগিত রেখেছেন ক্রেতারা। খবর দ্য ন্যাশন।

ব্যাংককের বেশির ভাগ ভবন ভূমিকম্প প্রতিরোধী হলেও কাঠামোগত দৃঢ়তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তাই বিশেষজ্ঞরা বলছেন, আগামী দুই মাস বহুতল কনডোমিনিয়াম আবাসন বিক্রির গতি কমে যেতে পারে।

রিয়েল এস্টেট কনসাল্ট্যান্সি ফার্ম কোলিয়ার্স ইন্টারন্যাশনাল থাইল্যান্ডের ডিরেক্টর অব রিসার্চ অ্যান্ড কমিউনিকেশন ফাত্তারাচাই তাউইওং বলেন, ‘বর্তমানে বাজারে অনেক অবিক্রীত কনডোমিনিয়াম আছে। এবারের ভূমিকম্প নেতিবাচক প্রভাব ফেলায় এখন তা আরো চ্যালেঞ্জের মুখে পড়বে।’

তিনি আরো বলেন, ‘ক্রেতারা বর্তমানে কাঠামোগত দৃঢ়তা ও ভবনের নিরাপত্তা এবং ভূমিকম্প প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে নিশ্চিত হতে চাইছেন। তাই বছরের প্রথমার্ধে কনডোমিনিয়াম বিক্রি পূর্বাভাসের তুলনায় কমে যেতে পারে।’

বিশেষজ্ঞরা জানান, এ খাতের ক্ষতি ঠেকাতে বাজারে আস্থার পুনরুদ্ধার প্রয়োজন। ফলে সরকার ও ডেভেলপারদের দ্রুত পদক্ষেপ নিতে হবে। এ লক্ষ্যে আরো কঠোর ভবন নির্মাণ বিধি প্রয়োগ, ভবনের কাঠামোগত উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান ও ভূমিকম্প প্রতিরোধী নির্মাণ ব্যবস্থা সম্পর্কে ক্রেতাদের স্পষ্ট তথ্য প্রদানের পরামর্শ দিয়েছেন তারা।

থাই কনডোমিনিয়াম অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট প্রসারত তেদুল্লায়াসাথিত জানান, ২০০৭ সালের পর নির্মিত নতুন ভবনগুলো ভূমিকম্প প্রতিরোধী হলেও নিয়মিত ভবন পরিদর্শন ও রক্ষণাবেক্ষণ জরুরি। সাম্প্রতিক এ দুর্ঘটনাই তার বড় প্রমাণ।

কুশম্যান অ্যান্ড ওয়েকফিল্ড থাইল্যান্ডের হেড অব রিসার্চ অ্যান্ড কনসাল্ট্যান্সি সুরাচেত কংচিপ বলেন, ‘ভবিষ্যতে কনডোমিনিয়াম কেনার ক্ষেত্রে ভূমিকম্প প্রতিরোধ ক্ষমতা একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠবে। বিশেষ করে পুরনো ভবনগুলোর জন্য দুর্যোগ বীমা গ্রহণের বিষয়টিও জরুরি হয়ে উঠেছে।’

বাজার বিশ্লেষকরা জানান, বর্তমানে ব্যাংককের কনডোমিনিয়াম বাজারের জন্য বড় চ্যালেঞ্জ হলো, তাৎক্ষণিক বিক্রির সংকট সামলানো ও দীর্ঘমেয়াদে ক্রেতাদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করা।

আরও