আন্তর্জাতিক সড়ক নিরাপত্তা দিবস উপলক্ষে সারা দেশে একযোগে সড়ক নিরাপত্তা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে ইয়ামাহা রাইডার্স ক্লাব (ওয়াইআরসি)। গত ২২ অক্টোবর আয়োজিত এই কর্মসূচিতে ক্লাবটির ৮৪টি গ্রুপ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।
কর্মসূচির অংশ হিসেবে ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যরা বিভিন্ন এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। একই সঙ্গে তারা প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে মোটরসাইকেল আরোহী, গণপরিবহন চালক ও পথচারীসহ সাধারণ মানুষের কাছে নিরাপদ সড়কের বার্তা পৌঁছে দেন।
পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে স্কুল, কলেজ, মাদ্রাসাসহ গুরুত্বপূর্ণ এলাকার সড়কে স্পিড ব্রেকার রং করা হয়। ওয়াইআরসির সদস্যরা এই উদ্যোগ নেন, যেন চালকরা দূর থেকেই স্পিড ব্রেকারগুলো সহজে দেখতে পান।
এসব কার্যক্রমের মাধ্যমে ট্রাফিক আইন মেনে চলা, হেলমেট ব্যবহার করা, নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালানো এবং দায়িত্বশীলভাবে সড়ক ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়।
—বিজ্ঞপ্তি