বাংলাদেশের প্রথম ‘ব্যাটারি-অ্যাস-আ-সার্ভিস’ স্টার্টআপ ক্যাসেটেক্সের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) গোপাল কুমার মহতো, চেঞ্জনাও এবং কেপিএমজি কর্তৃক প্রকাশিত ‘আর্থ অ্যাকশন রিপোর্ট ২০২৫’-এর অন্যতম বিশেষজ্ঞ অবদানকারী হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। প্রতিবেদনে বৈশ্বিক জলবায়ু কর্মপরিকল্পনার মূল অগ্রাধিকার তুলে ধরা হয়েছে। স্বল্প খরচ, শনাক্তযোগ্য এবং পরিবেশবান্ধব ব্যাটারি প্রযুক্তির উন্নয়ন সম্পর্কে গোপাল কুমার মহতো সেখানে তার অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি শেয়ার করেছেন। ক্যাসেটেক্স, পরিবেশবান্ধব জ্বালানি সংরক্ষণ ও ব্যাটারি বিনিময় প্রযুক্তির বিকাশের মাধ্যমে টেকসই বিদ্যুতায়নে নেতৃত্ব দিচ্ছে, যা এ প্রতিবেদনের মূল ভাবনার সঙ্গে একযোগে কাজ করছে। এ গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ, গোপাল কুমার মহতোকে চেঞ্জনাও ২০২৫ সম্মেলনে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে, যা এপ্রিলে প্যারিসে অনুষ্ঠিত হবে। সম্মেলনে তিনি পরিবেশবান্ধব বিদ্যুৎ ব্যবস্থার প্রসার এবং ইলেকট্রিক থ্রি-হুইলারগুলোর জন্য ব্যাটারি সোয়াপিং প্রযুক্তি নিয়ে ক্যাসেটেক্সের কার্যক্রম তুলে ধরবেন। ক্যাসেটেক্স বাংলাদেশের লিড-অ্যাসিড ব্যাটারির ওপর নির্ভরশীল তিন চাকার বৈদ্যুতিক যানবাহনগুলোর জন্য দীর্ঘস্থায়ী ও দক্ষ লিথিয়াম-আয়ন ব্যাটারি বিনিময় নেটওয়ার্ক তৈরি করছে। —বিজ্ঞপ্তি