প্রথমবারের মতো আউন্সপ্রতি ৪,৪০০ ডলার ছাড়াল স্বর্ণের দাম

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সামনের বছর সুদহার আরো কমাতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সামনের বছর সুদহার আরো কমাতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এমন প্রত্যাশায় আপৎকালীন বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা আরো বেড়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে প্রথমবারের মতো আউন্সপ্রতি ৪ হাজার ৪০০ ডলার ছাড়িয়েছে মূল্যবান ধাতুটির দাম। খবর রয়টার্স।

স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ৪১৩ ডলার ১ সেন্টে দাঁড়িয়েছে। এদিন বেচাকেনার এক পর্যায়ে মূল্যবান ধাতুটির দাম আউন্সপ্রতি রেকর্ড ৪ হাজার ৪২০ ডলার ১ সেন্টে পৌঁছে। এছাড়া গতকাল যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে ফেব্রুয়ারিতে সরবরাহের জন্য প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ৪ হাজার ৪৪৬ ডলার ৭০ সেন্ট, যা আগের দিনের তুলনায় ১ দশমিক ৩ শতাংশ বেশি।

স্পট মার্কেটে গতকাল প্রতি আউন্স রুপার দামও রেকর্ড ৬৮ ডলার ৯৮ সেন্টে পৌঁছে, যা আগের দিনের তুলনায় ২ দশমিক ৮ শতাংশ বেশি। এদিন বেচাকেনার এক পর্যায়ে মূল্যবান ধাতুটির দাম রেকর্ড ৬৯ ডলার ৪৪ সেন্টে পৌঁছে।

চলতি বছরের এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে ৬৭ শতাংশ। এটি ১৯৭৯ সালের পর সবচেয়ে বড় বার্ষিক উল্লম্ফন। একই সময় শক্তিশালী বিনিয়োগপ্রবাহ এবং সরবরাহ সংকটের কারণে রুপার দাম ১৩৮ শতাংশ বেড়েছে।

স্টোনএক্সের সিনিয়র বিশ্লেষক ম্যাট সিম্পসন বলেন, ‘শুধু চলতি মাসে স্বর্ণের দাম বেড়েছে ৪ শতাংশ। বছর শেষে লেনদেনের পরিমাণ কমে আসছে। তাই মুনাফা তুলে নেয়ার প্রবণতা বাড়তে পারে।’

আন্তর্জাতিক বাজারে ২০২৬ সালের শেষ নাগাদ স্বর্ণের দাম আউন্সপ্রতি ৪ হাজার ৯০০ ডলারে পৌঁছতে পারে বলে পূর্বাভাস দিয়েছে মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস। কেন্দ্রীয় ব্যাংকগুলোর ধারাবাহিক ঊর্ধ্বমুখী চাহিদা ও ফেডের সুদহার কমানোর সম্ভাবনায় মূল্যবান ধাতুটির দাম আরো ঊর্ধ্বমুখী হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

আগামী বছর ফেড দুবার সুদহার কমাতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ম্যাট সিম্পসন বলেন, ‘২০২৬ সালে দুবার সুদহার কমানোর সম্ভাবনা এবং যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান কমে যাওয়ার তথ্য স্বর্ণের দামে আরো ঊর্ধ্বমুখী চাপ তৈরি করতে পারে।’

স্পট মার্কেটে গতকাল প্লাটিনামের দাম ৪ দশমিক ২ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ২ হাজার ৫৬ ডলার ৬ সেন্টে পৌঁছেছে, যা ১৭ বছরের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। এ সময় প্যালাডিয়ামের মূল্য পৌঁছেছে আউন্সপ্রতি ১ হাজার ৭৬০ ডলার ৮৬ সেন্টে, যা আগের দিনের তুলনায় ২ দশমিক ৮ শতাংশ বেশি এবং প্রায় তিন বছরের মধ্যে সর্বোচ্চ।

আরও