কিউআর কোডে তাৎক্ষণিক ব্যাংক স্টেটমেন্ট যাচাই সেবা চালু করল এনআরবিসি ব্যাংক

ব্যাংক স্টেটমেন্টের সত্যতা ও নির্ভুলতা তাৎক্ষণিকভাবে যাচাইয়ের সুবিধার্থে ‘কুইক রেসপন্স (কিউআর) স্টেটমেন্ট এনাবলমেন্ট’ সেবা চালু করেছে এনআরবিসি ব্যাংক।

নতুন এ সেবার আওতায় স্টেটমেন্টে থাকা কিউআর কোড স্ক্যান করলেই সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান মোবাইল ফোনের পর্দায় স্টেটমেন্টের তথ্য দেখে এর সত্যতা যাচাই করতে পারবেন।

বিদেশী দূতাবাসে ভিসা আবেদন, ব্যাংক ঋণ গ্রহণসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সেবা নিতে ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হয়। এসব ক্ষেত্রে দাখিল করা স্টেটমেন্ট প্রকৃত ও নির্ভুল কিনা, তা দ্রুত যাচাইয়ের প্রয়োজনীয়তা থেকেই ডিজিটাল এ সেবা চালু করেছে এনআরবিসি ব্যাংক। ব্যাংকটির দাবি, এর ফলে স্টেটমেন্ট যাচাইয়ের প্রক্রিয়া আরো দ্রুত, সহজ, স্বচ্ছ ও নিরাপদ হবে।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সেবাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এনআরবিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. তৌহিদুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নুরুল হক, অডিট কমিটির চেয়ারম্যান মুহাম্মদ এমদাদ উল্লাহ, স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর, মো. আনোয়ার হোসেন ও ব্যারিস্টার মো. শফিকুর রহমান।

এছাড়া অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার মো. শাহীন হাওলাদার এবং আইসিটি অপারেশনস ডিভিশনের প্রধান মো. রাজিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, ‘স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার গুরুত্বপূর্ণ। কিউআর কোডভিত্তিক এ সেবা চালুর ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহজেই এবং তাৎক্ষণিকভাবে স্টেটমেন্টের সত্যতা যাচাই করতে পারবে। এতে গ্রাহকদের সময় ও ভোগান্তি কমবে এবং সেবা গ্রহণের প্রক্রিয়া আরো সহজ হবে।’

তিনি আরো বলেন, গ্রাহকদের জন্য ব্যাংকিং সেবা আরো সহজ, নিরাপদ ও আধুনিক করতে এনআরবিসি ব্যাংক ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে কাজ করছে। পাশাপাশি প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেয়া হচ্ছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান বলেন, ‘বিদেশী দূতাবাস, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও আর্থিক সেবা গ্রহণের ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট গুরুত্বপূর্ণ দলিল। তবে প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে জাল বা পরিবর্তিত স্টেটমেন্ট দাখিলের ঘটনাও ঘটে, যা সংশ্লিষ্ট ব্যাংক এবং দেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর।’

তিনি আরো বলেন, ‘জালিয়াতি প্রতিরোধ এবং স্টেটমেন্ট যাচাই প্রক্রিয়াকে আরো নির্ভরযোগ্য করতে ব্যাংকের আইসিটি অপারেশনস বিভাগ কিউআর কোডভিত্তিক এ যাচাই সেবা চালু করেছে। এখন সংশ্লিষ্ট যেকোনো কর্তৃপক্ষ স্টেটমেন্টে থাকা কিউআর কোড স্ক্যান করে তাৎক্ষণিকভাবে এনআরবিসি ব্যাংক কর্তৃক ইস্যু করা স্টেটমেন্টের তথ্য যাচাই করতে পারবেন।’

ব্যাংকটির মতে, নতুন এ সেবার ফলে স্টেটমেন্ট যাচাইয়ের প্রচলিত সময়সাপেক্ষ প্রক্রিয়া কমবে এবং জালিয়াতি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে গ্রাহকদের সময় ও ব্যয় কমিয়ে ব্যাংকিং সেবায় আরো স্বচ্ছতা ও আস্থা তৈরিতে সহায়ক হবে এ উদ্যোগ।

আরও