তালিকাভুক্ত এপেক্স ট্যানারি লিমিটেডের সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে কর-পরবর্তী নিট লোকসান বেড়েছে ৭৫ দশমিক ৯৯ শতাংশ। আলোচ্য হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটির পর্ষদ। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুসারে সমাপ্ত ২০২৪-২৪ হিসাব বছরে এপেক্স ট্যানারির কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ২২ কোটি ২৮ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১২ কোটি ৬৬ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৪ টাকা ৬২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮ টাকা ৩১ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০ টাকা ১৯ পয়সায়।
কোম্পানিটি জানিয়েছে, সর্বশেষ সমাপ্ত হিসাব বছরে বিক্রি কমে যাওয়ার পাশাপাশি আর্থিক ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় আগের হিসাব বছরের তুলনায় লোকসান বেড়েছে। এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ৩০ ডিসেম্বর বেলা ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটির পর্ষদ। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ নভেম্বর।
সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে এপেক্স ট্যানারির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮ টাকা ৩১ পয়সা।