এশিয়ার রেস্তোরাঁর তালিকায় ফের শীর্ষে গগন

এশিয়ার সেরা পঞ্চাশ রেস্তোরাঁর তালিকায় শীর্ষে অবস্থান করেছে ব্যাংককের গগন।

এশিয়ার সেরা পঞ্চাশ রেস্তোরাঁর তালিকায় শীর্ষে অবস্থান করেছে ব্যাংককের গগন। সৃজনশীল ফাইন-ডাইনিং অভিজ্ঞতার জন্য পরিচিত রেস্তোরাঁটি ভারতীয় খাবার পরিবেশনে বিশ্বজুড়ে পরিচিত। এর আগে ২০১৫, ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে গগন এ পুরস্কার জিতেছিল। গত বছর তালিকায় ছিল তৃতীয় স্থানে। তবে ২০১৯ সালে নতুন অবস্থানে স্থানান্তর ও বিন্যাসগত পরিবর্তনের পর এবারই প্রথম সেরার স্বীকৃতি পেল। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে বসে এশিয়া’স ফিফটি বেস্ট রেস্টুরেন্টের পুরস্কারের আসর। সেখানে পুরস্কার গ্রহণকালে শেফ গগন আনন্দ বলেন, ‘যখন ছোট ছিলাম, কখনো ভাবিনি যে এশিয়া একটি গ্যাস্ট্রোনমিক হাব হতে পারে। আর আজ আমরা কে? আমরা শুধু একটি শহর বা একটি দেশ নই। আমরা এশিয়ার মানুষদের একটি পরিবার, যারা নিজেদের সংস্কৃতি, পরিবার ও রান্নাকে উপস্থাপন করছি।’ দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে হংকংয়ের দুটি রেস্তোরাঁ দ্য চেয়ারম্যান ও উইং। উভয়ই গত বছরের তুলনায় দুই ধাপ ওপরে উঠে এসেছে (চতুর্থ ও পঞ্চম স্থান থেকে)। উইংয়ের শেফ ভিকি চেং জিতেছেন শেফস চয়েজ অ্যাওয়ার্ড। গত বছর সেরা হয়েছিল টোকিওর ফোর সিজনস হোটেলে অবস্থিত ইংরেজ শেফ ড্যানিয়েল ক্যালভার্টের নিউ-ফ্রেঞ্চ রেস্তোরাঁ সেজান, এটি এবার চতুর্থ স্থানে নেমে এসেছে। কোরিয়ার স্থানীয় উপকরণ ও আন্তর্জাতিক কৌশল ব্যবহার করে আধুনিক কোরিয়ান খাবার পরিবেশনকারী মিঙ্গলস পঞ্চম স্থান ও কোরিয়ার সেরা রেস্তোরাঁ হিসেবে স্বীকৃতি পেয়েছে। এবারের তালিকায় ব্যাংকক ও টোকিও সবচেয়ে বেশি রেস্তোরাঁ স্থান পেয়েছে। দুটি শহরের নয়টি করে রেস্তোরাঁ তালিকায় জায়গা করে নিয়েছে। ব্যাংককের নুসারা ষষ্ঠ স্থান অর্জন করেছে। হংকং ও সিঙ্গাপুরের সাতটি করে রেস্তোরাঁ স্থান পেয়েছে তালিকায়। সিউল ও সাংহাইয়ের চারটি করে রেস্তোরাঁ স্থান পেয়েছে ২০২৫ সালের তালিকায়। এর মধ্যে সিউলের মেনুবিহীন ফাইন-ডাইনিং কনসেপ্টের ইটানিক গার্ডেন ২৫তম স্থান অর্জন করেছে। এ বছরের তালিকায় নতুন প্রবেশ করা রেস্তোরাঁর মধ্যে এটি সর্বোচ্চ স্থান। —খবর ও ছবি গগন

আরও