ভারতে নিজেদের নতুন প্রযুক্তি অবকাঠামোয় ২০ কোটি ডলার বিনিয়োগ করবে মার্কিন ওষুধ প্রস্তুতকারক অ্যামজেন। হায়দরাবাদে নতুন কারখানা উদ্বোধনের সময় সম্প্রতি এ ঘোষণা দেন প্রতিষ্ঠানটির সিইও রবার্ট ব্র্যাডওয়ে। খবর রয়টার্স।
অ্যামজেন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডাটা সায়েন্সের সহায়তায় নতুন ধরনের ওষুধ বিকাশে প্রযুক্তি ও উদ্ভাবন সাইট খোলার ঘোষণা দিয়েছিল অনেক আগেই। এ বিষয়ে অ্যামজেনের সিইও রবার্ট ব্র্যাডওয়ে বলেন, ‘আমরা অনেক দিন ধরেই ভারতে নিজেদের কার্যক্রম সম্প্রসারণের চেষ্টা করছিলাম। অবশেষে সেই সময় এসেছে। চলতি বছর নতুন কেন্দ্রে আমরা ২০ কোটি ডলার বিনিয়োগ করব, ভবিষ্যতে এখানে আরো অর্থ বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।’
দক্ষিণ ভারতে অ্যামজেনের নতুন সাইটে ৩০০ জনের মতো কর্মী কাজ করছেন। ভারতে প্রতিষ্ঠানটির নির্বাহী কর্মকর্তা সোম চট্টোপাধ্যায় জানিয়েছেন, অচিরেই এখানে দুই হাজারের বেশি কর্মী যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
বৈশ্বিক ওষুধবাজারে ভারতের অবস্থান বেশ ভালো। সম্প্রতি বিশ্বের বেশ কিছু বড় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ভারতে ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। এসব বিষয়ে আলোচনার জন্য হায়দ্রাবাদে অনুষ্ঠিতব্য বায়োএশিয়া সম্মেলনে অংশ নিতে পারে অ্যামজেন, এলি লিলি, নোভার্টিসসহ বিভিন্ন আন্তর্জাতিক ওষুধ প্রস্তুতকারক কোম্পানির প্রতিনিধিরা।
সম্প্রতি এক সাক্ষাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশ দুটির মধ্যে বাণিজ্য চুক্তির আলোচনা শুরুর বিষয়ে সম্মত হয়েছেন। আলোচনায় শুল্ক নিয়ে বিরোধ মীমাংসাসহ কৌশলগত ও উদীয়মান প্রযুক্তিতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে। আলোচনার সূত্র ধরে ভারতে অ্যামজেনের বিনিয়োগকে দেশ দুটির মধ্যে বাণিজ্য সম্পর্ক উন্নয়নের উদাহরণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
এদিকে ট্রাম্প প্রশাসন ওষুধ আমদানির ওপর ২৫ শতাংশের বেশি শুল্ক আরোপের পরিকল্পনা করেছে। এ পরিকল্পনা বাস্তবায়ন হলে চাপের মুখে পড়তে পারে ভারতও। কারণ অধিকাংশ দেশের জেনেরিক ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানই যুক্তরাষ্ট্রকে তাদের সবচেয়ে বড় বাজার বলে মনে করে।