উত্তরা ইপিজেড

পোশাক কারখানা স্থাপনে ২ কোটি ডলার বিনিয়োগ করবে হংকংয়ের তিয়ানফোর্ড

নীলফামারীর উত্তরা ইপিজেডে ১৯ দশমিক ৫৯ মিলিয়ন বা প্রায় ২ কোটি ডলার বিনিয়োগে তৈরি পোশাক কারখানা স্থাপন করবে হংকংভিত্তিক প্রতিষ্ঠান তিয়ানফোর্ড বাংলাদেশ টেক্সটাইল কোম্পানি লিমিটেড।

এ লক্ষ্যে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে একটি লিজ চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি। কারখানাটি চালু হলে এখানে ৩ হাজার ২৫৪ জন বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

ঢাকার বেপজা কমপ্লেক্সে গতকাল এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি চুক্তিবদ্ধ হয়। এ সময় বেপজার নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং তিয়ানফোর্ড বাংলাদেশ টেক্সটাইলের পরিচালক জি ঝেনিউ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন।

জানা যায়, তিয়ানফোর্ড বাংলাদেশ টেক্সটাইল বার্ষিক ৭০ লাখ পিস বিভিন্ন ধরনের ওভেন ও নিট গার্মেন্টস যথা বটম, টপ, শার্ট, জিন্স, জ্যাকেট, টি-শার্ট, পোলো শার্ট, স্পোর্টসওয়্যার, সোয়েটার, হুডিসহ সব ধরনের জার্সি উৎপাদন করবে। কারখানাটি ২৪ হাজার বর্গমিটার জায়গার ওপর নির্মাণ করা হবে। এখানে উৎপাদিত পণ্য যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, চীন, অস্ট্রেলিয়া, ব্রাজিল, যুক্তরাজ্য ও ইউরোপের বাজারে রফতানি করা হবে।

বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে স্বাগত জানিয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান সব ধরনের সহায়তা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে বেপজার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ‘নতুন সরকার বিনিয়োগ বৃদ্ধি ও বিনিয়োগকারীদের সেবা দিতে বিশেষভাবে অঙ্গীকারবদ্ধ।’ পাশাপাশি রফতানিমুখী শিল্পের পাশাপাশি স্থানীয় শিল্প খাতকে শক্তিশালী করতে প্রতিষ্ঠানটিকে সম্ভাব্য ক্ষেত্রে মানসম্মত কাঁচামাল দেশীয় উৎস থেকে সংগ্রহের আহ্বান জানান বেপজার নির্বাহী চেয়ারম্যান।

তিয়ানফোর্ড বাংলাদেশ টেক্সটাইলের পরিচালক জি ঝেনিউ বেপজার বিনিয়োগবান্ধব নীতির প্রতি পূর্ণ সন্তুষ্টি প্রকাশ করেন এবং বাংলাদেশকে বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় গন্তব্য হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, উত্তরা ইপিজেডে এপ্রিল থেকে কারখানার নির্মাণ কাজ শুরু হবে এবং আগামী বছর থেকে পণ্য রফতানি কার্যক্রম শুরু করার আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এএসএম আনোয়ার পারভেজসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তিয়ানফোর্ড বাংলাদেশ টেক্সটাইলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও