ভিয়েতনামের কৃষকরা সম্প্রতি কফির সরবরাহ বাড়িয়েছেন। এ কারণে চলতি সপ্তাহে আগের তুলনায় পণ্যটির দাম কমেছে। গত বৃহস্পতিবার দেশটির ব্যবসায়ীরা এ তথ্য জানিয়েছেন।
ভিয়েতনামের সবচেয়ে বড় কফি উৎপাদনকারী অঞ্চল সেন্ট্রাল হাইল্যান্ডস। এ অঞ্চলের কৃষকরা চলতি সপ্তাহে প্রতি কেজি কফি ১ লাখ ১৫ হাজার ৬০০ থেকে ১ লাখ ১৬ হাজার ৩০০ ডংয়ে (৪ ডলার ৫৬ সেন্ট থেকে ৪ ডলার ৫৯ সেন্ট) বিক্রি করেছেন। এর আগের সপ্তাহে যা ছিল কেজিতে ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ২২ হাজার ডং।
সেন্ট্রাল হাইল্যান্ডসের এক ব্যবসায়ী বলেন, ‘দাম খুব ঘন ঘন ওঠানামা করছে। কৃষকরা কফি বিক্রি বাড়িয়েছে। যদিও তা ব্যাপক আকারে নয়।’
এ অঞ্চলের আরেক ব্যবসায়ী বলেন, ‘আবহাওয়া পরিস্থিতি অনুকূল রয়েছে। তাই শুকানোর কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে।’
ভিয়েতনামের মার্কেন্টাইল এক্সচেঞ্জ অনুযায়ী, জমি থেকে ফসল সংগ্রহের কার্যক্রম শেষের শেষের দিকে। সরবরাহ বাড়ার কারণে রফতানি কার্যক্রম ধীরে ধীরে বাড়ছে।
সংস্থাটির ডেপুটি হেড নকোক কুইন বলেন, ‘জানুয়ারি-ফেব্রুয়ারিতে ভিয়েতনামে দীর্ঘ ‘লুনার নিউ ইয়ার উপলক্ষে ছুটি থাকায় রফতানি ডিসেম্বরের মতো ঊর্ধ্বমুখী থাকবে না। তবে ভিয়েতনাম থেকে সরবরাহ বেড়েছে। ফলে ২০২৫ সালের প্রথম প্রান্তিকে কফির দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা কম।’
ভিয়েতনামের কফি রফতানি ডিসেম্বরে আগের মাসের তুলনায় ১০২ দশমিক ৬ শতাংশ বেড়েছে। তবে কাস্টমসের দেয়া তথ্যানুযায়ী, ২০২৪ সালে দেশটি থেকে কফি রফতানির পরিমাণ আগের বছরের তুলনায় ৩৮ দশমিক ৫ শতাংশ কমেছে।