খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত বিচ হ্যাচারি লিমিটেডের পর্ষদ ছোট পরিসরে একটি আধা-স্বয়ংক্রিয় ফিড মিল স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, নিজস্ব ব্যবহারের জন্য এ ফিড মিল স্থাপন করবে বিচ হ্যাচারি। ফলে উৎপাদন ব্যয় কমার পাশাপাশি মুনাফায় ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছে কোম্পানি কর্তৃপক্ষ।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) বিচ হ্যাচারির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৩২ পয়সা। আলোচ্য হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৮৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ১৬ পয়সায়।
সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক ব্যতীত বাকি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে বিচ হ্যাচারির ইপিএস হয়েছে ২ টাকা ৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৯৩ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১২ টাকা ৪৯ পয়সায়।
সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে ইপিএস হয়েছে ৯৩ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ২২ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১০ টাকা ৫৮ পয়সায়।
সমাপ্ত ২০২১-২০২২ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে বাকি বিনিয়োগকারীদের জন্য ১ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করে বিচ হ্যাচারির পরিচালনা পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ২২ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ২২ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৯ টাকা ৭২ পয়সায়।
সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে বাকি বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছিল বিচ হ্যাচারির পরিচালনা পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩৪ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৯ টাকা ৫৭ পয়সায়।
২০০২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিচ হ্যাচারির অনুমোদিত মূলধন ২০০ কোটি ও পরিশোধিত মূলধন ৪১ কোটি ৪০ লাখ ১০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১০ কোটি ৩০ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ১৪ লাখ ১ হাজার ২১। এর মধ্যে ৩৪ দশমিক ৯৭ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে ২০ দশমিক ৮৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ১ দশমিক ৭৬ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও ৪২ দশমিক ৪৩ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।