রিজার্ভ চুরি

লেনদেন আটকে দেয়া শ্রীলংকান ব্যাংকারদের সম্মাননা জানাল বাংলাদেশ

ঘটনার প্রায় ৮ বছর পর প্রতারণামূলক লেনদেন ঠেকাতে ভূমিকা রাখায় শ্রীলংকার প্যান এশিয়া ব্যাংকিং করপোরেশন পিএলসির কয়েকজন কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় লেনদেন আটকে দেয়া শ্রীলংকান ব্যাংকারদেরকে সম্মাননা জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা জানানো হয়।

২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকে রাখা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৩৫টি ভুয়া পেমেন্ট নির্দেশের মাধ্যমে প্রায় ১ বিলিয়ন ডলার অর্থ চুরির চেষ্টা করা হয়। এর মধ্যে ৫টি নির্দেশে ১০১ মিলিয়ন ডলার অর্থ স্থানান্তর করা হয়; যার মধ্যে ফিলিপাইনে ৮১ মিলিয়ন ডলার ও শ্রীলংকায় ২০ মিলিয়ন ডলার স্থানান্তর করা হয়। তবে সন্দেহযুক্ত হওয়ায় এ লেনদেন আটকে দেয় শ্রীলংকাভিত্তিক প্যান এশিয়া ব্যাংক করপোরেশন পিএলসি। ফলে আরো বড় অংকের টাকা ক্ষয়ে যাওয়া থেকে বেঁচে যায় বাংলাদেশ।

এ ঘটনার প্রায় ৮ বছর পর প্রতারণামূলক লেনদেন ঠেকাতে ভূমিকা রাখায় শ্রীলংকার প্যান এশিয়া ব্যাংকিং করপোরেশন পিএলসির কয়েকজন কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্মাননা প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, এ সম্মাননা শুধু আনুষ্ঠানিক স্বীকৃতির মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং সততা, বিচক্ষণতা ও মানবিক মূল্যবোধের প্রতি একটি শ্রদ্ধার্ঘ্য। এই শ্রীলংকান কর্মকর্তারা শুধু বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থই রক্ষা করেননি, বরং ব্যাংকিং খাতে বৈশ্বিক আস্থার ভিত্তি আরো সুদৃঢ় করেছেন।

অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বাহারুল আলম, বাংলাদেশে নিযুক্ত শ্রীলংকার হাইকমিশনার, বাংলাদেশ ব্যাংকের চারজন ডেপুটি গভর্নর, ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ও সম্মাননাপ্রাপ্তরাসহ প্যান এশিয়া ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের অন্যান্য শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও