পলিথিনের পরিবর্তে বাজারে পাটের ব্যাগ সহজলভ্য ও সাশ্রয়ী মূল্যে সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিচ্ছে সরকার। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গতকাল আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানান বস্ত্র, পাট ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এ সময় ঢাকা মহানগরের বিভিন্ন বাজারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে শেখ বশিরউদ্দীন বলেন, ‘পাটের ব্যাগ পুনরায় ব্যবহারযোগ্য, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব। আমরা চাই, এ ব্যাগ বাজারে সহজলভ্য ও কম মূল্যের হোক। এর উৎপাদন ও বিপণন সহজ করতে ব্যবসায়ীদের মতামত প্রয়োজন। আমি চাই, ব্যবসায়ীরাই পাটের ব্যাগ উৎপাদন ও বিপণনে ভূমিকা নিক।’
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব আরিফুর রহমান খান ও মো. সেলিম খান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহিম খান, জেডিপিসির মহাপরিচালক জিনাত আরা, টিসিবির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।