জেপি মরগান

বৈশ্বিক মন্দার আশঙ্কা বেড়ে ৬০ শতাংশ

বৈশ্বিক মন্দার আশঙ্কা বেড়ে ৬০ শতাংশে দাঁড়িয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আর্থিক প্রতিষ্ঠান জেপি মরগান।

বৈশ্বিক মন্দার আশঙ্কা বেড়ে ৬০ শতাংশে দাঁড়িয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আর্থিক প্রতিষ্ঠান জেপি মরগান। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক শুল্ক ঘোষণার পর বৈশ্বিক আর্থিক বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। একই সঙ্গে বিশ্ব বাণিজ্যযুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কার মাঝে এ পূর্বাভাস দিয়েছে জেপি মরগান। খবর আরটি।

জেপি মরগানের প্রধান অর্থনীতিবিদ ব্রুস ক্যাসম্যান গ্রাহকদের উদ্দেশে ‘দেয়ার উইল বি ব্ল্যাড’ শিরোনামের এক নোটে লিখেছেন, ‘চলতি বছরে বৈশ্বিক অর্থনীতিতে মন্দার ঝুঁকি ৪০ থেকে বেড়ে ৬০ শতাংশে পৌঁছেছে।’

নোটে শুল্ক বৃদ্ধির প্রভাব নিয়ে আলোচনা করেন ব্রুস ক্যাসম্যান। একে তিনি ১৯৬৮ সালের পর মার্কিন গৃহস্থালি ও ব্যবসার ওপর সবচেয়ে বড় কর বৃদ্ধির শামিল বলে অভিহিত করেন। এর প্রভাব সুদূরপ্রসারী হতে পারে বলেও সতর্ক করে দেন। ক্যাসম্যান বলেন, ‘এ কর বৃদ্ধির প্রভাব আরো গভীরতর হতে পারে। কারণ প্রতিশোধমূলক পদক্ষেপে মার্কিন ব্যবসায়িক মনোভাবের অবনতি এবং সরবরাহ চেইনে বিঘ্ন ঘটতে পারে।’

গত বৃহস্পতিবার শুল্ক ঘোষণার পর পরই প্রাক-বাজার লেনদেনে মার্কিন ডলার সূচকে ২ দশমিক ১৬ শতাংশ পতন ঘটে, যা গত অক্টোবরের পর সর্বনিম্ন। এদিন ডজনখানেক দেশের বিস্তৃত আমদানির ওপর ১০-৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প, যা বৈশ্বিক বাণিজ্যযুদ্ধের আশঙ্কায় বিনিয়োগকারীদের আপৎকালীন বিনিয়োগের দিকে ঝুঁকতে বাধ্য করেছে।

ক্যাসম্যান আরো বলেন, ‘আমরা তাই জোর দিয়ে বলছি, এ নীতিগুলো যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে সেগুলো সম্ভবত এ বছরেই যুক্তরাষ্ট্র ও সম্ভবত বৈশ্বিক অর্থনীতিকে মন্দার দিকে ঠেলে দেবে।’

আরেক আর্থিক প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকসও পূর্বাভাস সংশোধন করেছে। নতুন নীতিমালাকে উদ্ধৃত করে ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে মন্দার আশঙ্কা ২০ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ করেছে প্রতিষ্ঠানটি।

আরও