স্বল্পমেয়াদে তামার দাম কমার পূর্বাভাস গোল্ডম্যান স্যাকসের

যুক্তরাষ্ট্রে আগামী ১ আগস্ট থেকে তামা আমদানিতে ৫০ শতাংশ আমদানি শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রে আগামী ১ আগস্ট থেকে তামা আমদানিতে ৫০ শতাংশ আমদানি শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে। শুল্ক কার্যকরের আগেই দেশটি ধাতবপণ্যটির আমদানি উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে। ফলে বৈশ্বিক বাজারে সরবরাহ সংকট সামনের দিনগুলোয় সাময়িকভাবে কমে আসতে পারে। এমন প্রেক্ষাপটে বৈশ্বিক তামার বাজারে স্বল্পমেয়াদি মূল্যহ্রাসের পূর্বাভাস দিয়েছে মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস। খবর হেলেনিক শিপিং নিউজ, রয়টার্স ও বিজনেস রেকর্ডার।

ব্যাংকটির হালনাগাদ পূর্বাভাস অনুযায়ী, আগস্টে লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তামার দাম টনপ্রতি ৯ হাজার ৫৫০ ডলারে নেমে আসতে পারে। এটি এর আগে দেয়া পূর্বাভাস ১০ হাজার ৫০ ডলারের তুলনায় ৫০০ ডলার কম।

ব্যাংকটির বিশ্লেষকরা বলেন, ‘এলএমইতে তামার দাম স্বল্পমেয়াদে কমতে পারে। কারণ যুক্তরাষ্ট্রের বাইরের বাজারগুলোয় সরবরাহ ঘাটতির ঝুঁকি আপাতত হ্রাস পেয়েছে।’

এছাড়া বাজারে জটিলতা ও বর্ধিত বাণিজ্য উত্তেজনার মধ্যে ব্যবসায়ীরা যদি তামা বিক্রি বাড়িয়ে দেন তাহলে মূল্য আরো নিম্নমুখী হতে পারে বলেও সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।

তবে গোল্ডম্যান স্যাকসের বিশ্লেষকরা জানিয়েছেন, শুল্ক কার্যকর হওয়ার পর সরবরাহের গতি উল্লেখযোগ্য হারে কমে আসতে পারে। সামনের দিনগুলোয় সরবরাহ সংকটে পড়তে পারে বৈশ্বিক তামার বাজার, যার প্রভাব পড়বে দামে। এমন প্রেক্ষাপটে দীর্ঘমেয়াদে তামার বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতার পূর্বাভাস বজায় রেখেছে গোল্ডম্যান স্যাকস। সংস্থাটি জানিয়েছে, ২০২৫ সালের শেষে ধাতুটির দাম টনপ্রতি ৯ হাজার ৭০০ ডলারে পৌঁছতে পারে। যুক্তরাষ্ট্রের বাইরে মজুদ ঘাটতি মেটাতে দীর্ঘ সময় লেগে যেতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মার্কিন বিনিয়োগ ব্যাংকটি আরো জানায়, ২০২৬ সালে তামার গড় দাম টনপ্রতি ১০ হাজার এবং ২০২৭ সালে ১০ হাজার ৭৫০ ডলার পর্যন্ত বাড়তে পারে। এলএমইতে ২০২৫ সালে অ্যালুমিনিয়ামের দাম টনপ্রতি ২ হাজার ৪০০ ডলার এবং ২০২৬ সালে ২ হাজার ২৩০ ডলারে পৌঁছতে পারে।

এদিকে ওয়াশিংটনের শুল্ক পরিকল্পনা ঘোষণার পর থেকে এলএমইতে সরবরাহের জন্য প্রস্তুত তামার মজুদ ৭০ শতাংশ বেড়ে ১ লাখ ১০ হাজার ৯৫০ টনে পৌঁছেছে, যা গত ৩০ এপ্রিলের পর সর্বোচ্চ। ফলে স্বল্পমেয়াদে সরবরাহ সংকটের আশঙ্কা কিছুটা হ্রাস পেয়েছে।

ব্রোকারেজ হাউজ সাকডেন ফাইন্যান্সিয়ালের বিশ্লেষকরা জানান, যুক্তরাষ্ট্রের শুল্ক কার্যকরের সময়সীমা দ্রুত ঘনিয়ে আসায় এলএমইতে তামার মজুদ বাড়ছে।

আরও