ভিয়েতনামের অভ্যন্তরীণ বাজারে চলতি সপ্তাহে কফির দাম তুলনামূলক স্থিতিশীল রয়েছে। বৃহস্পতিবার দেশটির ব্যবসায়ীরা জানিয়েছেন, মজুদ কমে যাওয়ায় ও অন্যান্য উৎপাদনকারী দেশগুলো থেকে সরবরাহ বৃদ্ধির কারণে কফি বেচাকেনা কমেছে। খবর বিজনেস রেকর্ডার।
ভিয়েতনামের সবচেয়ে বড় কফি উৎপাদনকারী অঞ্চল সেন্ট্রাল হাইল্যান্ডসের কৃষকরা চলতি সপ্তাহে প্রতি কেজি কফি ৯৪ হাজার ৭০০ থেকে ৯৫ হাজার ২০০ ডংয়ে (প্রায় ৩ ডলার ৬২ সেন্ট থেকে ৩ ডলার ৬৪ সেন্ট) বিক্রি করেছেন। আগের সপ্তাহে দেশটির কৃষকরা ৯৪ হাজার ৫০০ থেকে ৯৫ হাজার ডংয়ের কাছাকাছি দামে কফি বিক্রি করেছিলেন।
খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, ইন্দোনেশিয়া ও ব্রাজিল থেকে কফি বিনের সরবরাহ বাড়ায় দাম নিম্নমুখী চাপে রয়েছে। এদিকে বুধবার যুক্তরাষ্ট্র প্রশাসন জানায়, তারা ভিয়েতনামের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি সম্পন্ন করেছে। যার আওতায় যুক্তরাষ্ট্রে সরবরাহ করা পণ্যে ২০ শতাংশ শুল্ক ধার্য থাকবে।
এক ব্যবসায়ী এ বিষয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্র ভিয়েতনামের প্রধান রফতানি গন্তব্য দেশ নয়। এর পরও এটি রফতানিকারকদের জন্য স্বস্তির খবর।’
এদিকে ব্যবসায়ীরা চলতি সপ্তাহে ৫ শতাংশ কালো ও ভাঙা গ্রেড–২ প্রতি টন রোবাস্তা কফি লন্ডনের বাজারে সেপ্টেম্বরে সরবরাহের চুক্তির তুলনায় ৭০-৮০ ডলার মূল্য সংযোজন করে বেচাকেনা করেছেন।