সংবাদ সম্মেলনে বিপিজিএমইএ সভাপতি

আইএমএফ-বিশ্বব্যাংকের প্রেসক্রিপশন বাস্তবায়নের আগে দেশের স্বার্থ প্রাধান্য দিতে হবে

ব্যবসা-বাণিজ্যে চলমান স্থবিরতার মধ্যে গ্যাসের দাম বাড়ালে অনেক শিল্প-কারখানা বন্ধ হয়ে যাবে।

ব্যবসা-বাণিজ্যে চলমান স্থবিরতার মধ্যে গ্যাসের দাম বাড়ালে অনেক শিল্প-কারখানা বন্ধ হয়ে যাবে। এ মূল্যবৃদ্ধিকে শিল্প খাত ধ্বংসের একটি পরিকল্পিত চক্রান্ত বলে দাবি করেছে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিপিজিএমইএ)। বিপিজিএমইএর সভাকক্ষে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব নিয়ে প্রতিক্রিয়া জানাতে গতকাল এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি। এ সময় গ্যাস ও এলএনজির বিষয়ে প্লাস্টিক খাতের কিছু প্রস্তাব তুলে ধরা হয়।

লিখিত বক্তব্যে বিপিজিএমইএ সভাপতি সামিম আহমেদ বলেন, ‘‌আইএমএফ-বিশ্বব্যাংকের প্রেসক্রিপশন বাস্তবায়নের আগে দেশের স্বার্থ প্রাধান্য দিতে হবে। দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কোনো চুক্তি বা ব্যবস্থা দেশবাসী গ্রহণ করবে না।’

গ্যাসের প্রস্তাবিত দাম শিল্পের জন্য খুবই কঠিন হবে দাবি করে তিনি বলেন, ‘এ সিদ্ধান্ত শিল্পায়নকে নিরুৎসাহিত করবে। শিল্পে নতুন বিনিয়োগ আসবে না, কর্মসংস্থানও হবে না। বিদেশী বিনিয়োগও আসবে না। উৎপাদিত পণ্যের দামও বেশি পড়বে। তখন মূল্যস্ফীতির পাগলা ঘোড়া কোনোভাবেই সামাল দেয়া যাবে না।’

গ্যাসের দাম নির্ধারণের ক্ষেত্রেও শুভংকরের ফাঁকি আছে কিনা তা খতিয়ে দেখারও আহ্বান জানান বিপিজিএমইএ সভাপতি।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য দেন বিপিজিএমইএর উপদেষ্টা ও বুয়েটের সাবেক অধ্যাপক ড. ইজাজ হোসেন, সাবেক সভাপতি এএসএম কামাল উদ্দিন ও প্রাণ-আরএফএল গ্রুপের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম।

আরও