মার্কিন শুল্কের প্রভাব মোকাবেলায় সহায়তার আহ্বান ভারতীয় ধনকুবেরের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত শুল্কের প্রভাবে ঝুঁকির মুখে রয়েছে ভারতীয় অর্থনীতি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত শুল্কের প্রভাবে ঝুঁকির মুখে রয়েছে ভারতীয় অর্থনীতি। এ পরিস্থিতি মোকাবেলায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সহায়তা দিতে নরেন্দ্র মোদি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির ব্যাংক খাতের বিলিয়নেয়ার উদয় কোটাক। খবর এফটি।

বিশেষ ছাড়ে রুশ জ্বালানি তেল আমদানির কারণে চলতি মাসে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এতে শুল্কহার দাঁড়িয়েছে ৫০ শতাংশ।

উদয় কোটাক ভারতের তৃতীয় বৃহত্তম বেসরকারি ব্যাংক কোটাক মাহিন্দ্রা ব্যাংকের পরিচালক ও ভারতীয় অর্থনীতিতে প্রভাবশালী ব্যক্তিত্ব। মার্কিন শুল্ক দেশীয় অর্থনীতির জন্য বড় ধাক্কা উল্লেখ করে তিনি বলেন, ‘এটি ভারতীয় অর্থনীতিকে ঝুঁকির মুখে ফেলেছে। তবে আমাদের ঝুঁকি এড়ানোর মানসিকতা থেকে বেরিয়ে এসে এ অবস্থাকে সুযোগে পরিণত করা দরকার।’

ক্ষুদ্র ব্যবসা খাতে উৎপাদন, গবেষণা ও প্রযুক্তিতে আরো দ্রুত এগিয়ে নিতে সরাসরি আর্থিক সহায়তা দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন উদয় কোটাক। একবার সরকার মূলধন সহায়তা পেলে বেসরকারি ইকুইটি, উদ্যোক্তা ইকুইটি ও ঝুঁকি মূলধনও স্বয়ংক্রিয়ভাবে আসবে বলে অভিমত তার।

চলতি মাসের শুরুতে মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা একইভাবে ভারত সরকারকে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার জন্য তারল্য সহায়তা, অবকাঠামো বিনিয়োগ ও প্রণোদনা দেয়ার আহ্বান করেছিলেন। আরপিজি এন্টারপ্রাইজেসের চেয়ারম্যান হর্ষ গোয়েঙ্কাও নয়াদিল্লিকে নতুন বাজার খুঁজে বের করার পাশাপাশি চীন থেকে উৎপাদন স্থানান্তর করতে তহবিল তৈরির পরামর্শ দিয়েছেন।

সম্প্রতি পণ্য ও পরিষেবা কর কমানোসহ ব্যবসার জন্য নিয়ম শিথিল করার মতো কিছু সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে মার্কিন শুল্ক ভারতীয় উৎপাদন বাড়ানোর এ প্রচেষ্টাকে হুমকির মুখে ফেলেছে। বর্তমানে ভারতের জিডিপিতে উৎপাদন খাতের অবদান ১৪ শতাংশ। অথচ এ খাতে ২৫ শতাংশ লক্ষ্যমাত্রা নিধার্রণ করা হয়েছিল।

ট্রাম্পের শুল্ক পরিস্থিতিকে ভারতের জন্য দুর্দান্ত সুযোগ বলে মনে করেন উদয় কোটাক। তিনি মনে করেন, বাণিজ্য যুদ্ধকে ব্যবহার করে উৎপাদনশীলতা, দক্ষতা, উৎকর্ষ ও বিশ্বমানের ব্র্যান্ড তৈরির দিকে নীতিনির্ধারক ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে মনোযোগ দিতে হবে।

আরও