বাংলাদেশে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে না থাকায় ৩০ শতাংশ (অর্থের হিসাবে) কম কাজ পাচ্ছেন বলে জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি উদ্যোক্তারা। এজন্য এসব জনপ্রিয় পেমেন্ট গেটওয়ে বিশেষ করে পেপ্যালের সেবা আনার জন্য সরকারকে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন তারা। জাতীয় প্রেস ক্লাবে গতকাল এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় বাংলাদেশ ফ্রিল্যান্সার ও আইটি প্রফেশনাল কমিউনিটি নামের একটি সংগঠন।
এ সময় তারা বলেন, ‘আমাদের বড় ক্রেতা যুক্তরাষ্ট্র। দেশটির প্রাপ্তবয়স্কদের মধ্যে ৭০ শতাংশের পেপ্যাল অ্যাকাউন্ট রয়েছে। আর যারা অনলাইনে কেনাকাটা করেন, তাদের মধ্যে ৮৪ শতাংশ মার্কিন পেপ্যালে পেমেন্ট করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।’
উদ্যোক্তারা জানান, দেশে বর্তমানে ১০ লাখের বেশি সক্রিয় ফ্রিল্যান্সার ও আইটি উদ্যোক্তা রয়েছে। যারা প্রতি বছর বড় অংকের বৈদেশিক মুদ্রা দেশে নিয়ে আসেন। এ মার্কেটের ভ্যালু ১ বিলিয়ন ডলার। কিন্তু দেশে পেপ্যাল, ওয়াইজ কিংবা স্ট্রিপের মতো পেমেন্ট সেবা না থাকায় বিদেশী ক্লায়েন্টদের সঙ্গে কাজ করতে গিয়ে বড় ধরনের সমস্যায় পড়তে হচ্ছে।