এশিয়ার স্পট মার্কেটে বেশ কয়েক সপ্তাহ ধরে নিম্নমুখী ছিল তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম। তবে চলতি সপ্তাহে তা কিছুটা বেড়েছে। শীতল আবহাওয়ার পূর্বাভাসে দক্ষিণ কোরিয়ায় চাহিদা বাড়ায় এ ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খবর বিজনেস রেকর্ডার।
শিল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উত্তর-পূর্ব এশিয়ায় ফেব্রুয়ারিতে সরবরাহের জন্য চলতি সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য ছিল ৯ ডলার ৬০ সেন্ট। আগের সপ্তাহে এটি ছিল এমএমবিটিইউয়ে ৯ ডলার ৫০ সেন্ট, যা ২০২৪ সালের এপ্রিলের পর সর্বনিম্ন।
চীনের নিম্নমুখী ক্রয় প্রবণতার কারণে ২০২৫ সালের শুরু থেকে এশিয়ার স্পট মার্কেটে এলএনজির দাম সামগ্রিকভাবে ৩৪ শতাংশ কমেছে। এ বিষয়ে ব্রেইনচাইল্ড কমোডিটি ইন্টেলিজেন্সের বাজার বিশ্লেষক ক্লাস ডোজম্যান বলেন, ‘এশিয়ায় সামগ্রিকভাবে দুর্বল অর্থনৈতিক সূচক ও চীনে কয়লার মতো বিকল্প জ্বালানির পর্যাপ্ত সরবরাহের কারণে বাজারে এলএনজির দাম এখনো কম। পাশাপাশি লা নিনা আবহাওয়ার কারণে তাপমাত্রা কমার পূর্বাভাস থাকলেও এখনো সে তুলনায় শীতল পরিস্থিতি তৈরি হয়নি। তবে আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়া ও চীনে শীতের তীব্রতা কিছুটা বাড়লে চাহিদা সামান্য বাড়তে পারে।’
আর্গাসের হেড অব এলএনজি প্রাইসিং মার্টিন সিনিয়র জানান, ২৬ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় তাপমাত্রা দুই বছরের মধ্যে সর্বনিম্নে নামতে পারে। এমন পূর্বাভাসে দেশটির ব্যবসায়ীদের মধ্যে এলএনজি কেনার আগ্রহ দেখা দিয়েছে। গত কয়েক সপ্তাহে চীনের বদলে দক্ষিণ কোরিয়ায় পাঁচটি এলএনজি কার্গো পাঠানো হয়েছে।
এসঅ্যান্ডপি গ্লোবাল কমোডিটি ইনসাইটস জানিয়েছে, নর্থওয়েস্ট ইউরোপ এলএনজি মার্কার (এনডব্লিউএম) আদর্শে ফেব্রুয়ারিতে উত্তর-পশ্চিম ইউরোপে সরবরাহের জন্য গত মঙ্গলবার প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য ছিল ৯ ডলারের তুলনায় কিছুটা বেশি। এটি টিটিএফের (নেদারল্যান্ডসের একটি ভার্চুয়াল গ্যাস ট্রেডিং হাব) ভবিষ্যৎ সরবরাহ চুক্তি মূল্যের তুলনায় ৫৩ সেন্ট কম।
আর্গাস এ দাম নির্ধারণ করেছে এমএমবিটিইউয়ে ৯ ডলার ২ সেন্ট। স্পার্ক কমোডিটিজ জানুয়ারিতে সরবরাহের জন্য চলতি সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য নির্ধারণ করেছে ৯ ডলার ১১ সেন্ট।
এসঅ্যান্ডপি গ্লোবাল এনার্জির আটলান্টিক এলএনজি ব্যবস্থাপক অ্যালি ব্লেকওয়ে বলেন, ‘২০২৬ সালের শুরুতে ইউরোপের মধ্য ও পূর্বাঞ্চলের বড় বন্দরগুলো দিয়ে এলএনজি ক্রয়ের আগ্রহ ও ক্রয়চাপ বেড়েছে। রাশিয়া থেকে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস ও এলএনজি সরবরাহ কমে যাওয়ায় চাহিদা বেড়েছে বলে জানা গেছে।
স্বতন্ত্র বিশ্লেষক সেব কেনেডি বলেন, ‘চলতি বছর টিটিএফ ফিউচারসে হেজ ফান্ডগুলোর অবস্থান বদলেছে। ইইউর প্রাকৃতিক গ্যাসের বাজারের জন্য ২০২৫ সাল হবে রূপান্তরের বছর। এলএনজি সরবরাহ বাড়ার কারণে সংকট ও উচ্চমূল্যের যুগের অবসান ঘটেছে। বর্তমানে ৪৫০টিরও বেশি তহবিল টিটিএফে সক্রিয়ভাবে লেনদেন করছে।’
স্পার্ক কমোডিটিজের বিশ্লেষক কাসিম আফগান জানান, আটলান্টিক মহাসাগরীয় পথে এলএনজি পরিবহন ব্যয় টানা চতুর্থ সপ্তাহের মতো কমে দৈনিক ৮০ হাজার ৭৫০ ডলারে নেমেছে। একই সময় প্রশান্ত মহাসাগরীয় পথে পরিবহন ব্যয় কমে দাঁড়িয়েছে দৈনিক ৭১ হাজার ২৫০ ডলারে।