কারণ ছাড়াই বাড়ছে দুই কোম্পানির শেয়ারদর

সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্ত এসএস স্টিল লিমিটেড ও ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসির শেয়ারদর ও লেনদেনে ঊর্ধ্বমুখিতা দেখা যাচ্ছে।

তবে কোম্পানি দুটির পক্ষ থেকে শেয়ারদর ও লেনদেন বাড়ার পেছনে কোনো ধরনের মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানানো হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিঠির জবাবে এমন তথ্য জানিয়েছে এসএস স্টিল ও ড্যাফোডিল কম্পিউটার্স।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ১৯ মে ডিএসইতে এসএস স্টিলের শেয়ারদর ছিল ৪ টাকা ৬০ পয়সা। সর্বশেষ গতকাল শেয়ারটির দর ৬ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে। সে হিসেবে গত এক মাসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে প্রায় ৫০ শতাংশ।

এসএস স্টিল এখনো সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি। আলোচ্য হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ১২ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৭০ পয়সায়।

৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে এসএস স্টিল লিমিটেডের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১৭ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ৫ পয়সা।

৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২১ টাকা ৬৯ পয়সায়।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ২৩ মে ডিএসইতে ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ারদর ছিল ১২৫ টাকা ৮০ পয়সা। সর্বশেষ গতকাল শেয়ারটির দর ১৫৫ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে। সে হিসেবে গত এক মাসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৪ শতাংশ।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ড্যাফোডিল কম্পিউটার্সের ইপিএস হয়েছে ২৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৬ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ১৫ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ড্যাফোডিল কম্পিউটারসের ইপিএস হয়েছে ১৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২১ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ২৪ পয়সায়।

আরও