বাংলাদেশের বহুমুখী শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ বিশ্ববাজারে দেশের মানসম্মত ভোগ্যপণ্য রফতানিতে ক্রমেই শক্ত অবস্থান তৈরি করছে। এ অগ্রযাত্রাকে আরো জোরদার করতে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও দুবাই এক্সিবিশন সেন্টারে আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘গালফ ফুড ফেয়ার ২০২৬’-এ অংশ নিয়েছে সিটি গ্রুপ।
জানা যায়, সিটি গ্রুপের প্রধান ব্র্যান্ড ‘তীর’; একে কেন্দ্র করে রফতানিযোগ্য পণ্যের তালিকায় রয়েছে তীর সরিষার তেল, তীর অ্যারোমেটিক চাল, তীর রেডি মিক্সসহ বিভিন্ন খাদ্যপণ্য। পাশাপাশি কুইক বাইট রাস্ক ও বিস্কুট, বেঙ্গল টিসহ আরো বেশকিছু ভোক্তা ব্র্যান্ড আন্তর্জাতিক বাজারে সমাদৃত হচ্ছে।
রফতানি কার্যক্রম সম্পর্কে সিটি গ্রুপের পরিচালক (বিজনেস ডেভেলপমেন্ট) লুৎফুল কবির শাহীন বলেন, ‘আমাদের রফতানি যাত্রা দ্রুততার চেয়ে প্রস্তুতির দ্বারা বেশি চালিত হয়েছে। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার জন্য শুরুতেই প্রয়োজনীয় সিস্টেম, কমপ্লায়েন্স কাঠামো ও অংশীদারত্ব গড়ে তোলাতে আমরা গুরুত্ব দিয়েছি।’
তিনি জানান, সিটি গ্রুপ বর্তমানে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, সাইপ্রাস, ইতালি, সৌদি আরব, কাতার ও ওমানসহ ৪০টিরও বেশি দেশে পণ্য রফতানি করছে।
সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. হাসান বলেন, ‘পণ্যের গুণগত মান আমাদের কাছে কোনোভাবেই আপসযোগ্য নয়। আন্তর্জাতিক বাজারে সিটি গ্রুপের পণ্য পৌঁছানো মানে শুধু একটি ব্র্যান্ড নয়, বরং আমাদের দায়বদ্ধতা ও সুনামও সেখানে পৌঁছে যাওয়া।’