গত সপ্তাহে স্বর্ণের দাম বেড়েছে ২ দশমিক ৫ শতাংশ

যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি সম্পর্কিত তথ্য প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় চলতি বছরের বাকি সময় ফেডারেল রিজার্ভ (ফেড) সুদহার কমানো অব্যাহত রাখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি সম্পর্কিত তথ্য প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় চলতি বছরের বাকি সময় ফেডারেল রিজার্ভ (ফেড) সুদহার কমানো অব্যাহত রাখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এমন পরিস্থিতিতে গত সপ্তাহের লেনদেনের শেষদিনে বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধি অব্যাহত ছিল। সপ্তাহজুড়ে তা ঊর্ধ্বমুখী হয়েছে ২ দশমিক ৫ শতাংশ। খবর রয়টার্স।

স্পট মার্কেটে শুক্রবার প্রতি আউন্স স্বর্ণ লেনদেন হয়েছে ৩ হাজার ৭৭৮ ডলার ৬২ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৮ শতাংশ বেশি। এর আগে গত সপ্তাহের শুরুর দিকে স্বর্ণের দাম রেকর্ড ৩ হাজার ৭৯০ ডলার ৮২ সেন্টে পৌঁছেছিল।

এদিকে ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে স্বর্ণের দাম ১ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৩ হাজার ৮০৯ ডলারে স্থির হয়েছে।

তাই ওয়াং নামের একজন স্বতন্ত্র ধাতুবাজার বিশ্লেষক বলেন, ‘পিসিই (যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগ ব্যয়) ডাটা পূর্বাভাসের সঙ্গে মিলে গেছে। তবে ব্যক্তিগত আয় ও ব্যয় প্রত্যাশার চেয়ে কিছুটা বেশি ছিল। এ তথ্যের প্রভাবে অক্টোবরের সভায় ফেড আরেক দফা সুদহার কমাতে পারে।

তথ্যানুযায়ী, আগস্টে পিসিই মূল্যসূচক আগের বছরের তুলনায় ২ দশমিক ৭ শতাংশ বেড়েছে। বাজার বিশ্লেষকদের পূর্বাভাসের সঙ্গে তা সামঞ্জস্যপূর্ণ। সিএমই ফেডওয়াচ টুলের হিসাবে, অক্টোবরে সুদহার কমানোর সম্ভাবনা এখন ৮৮ শতাংশ এবং ডিসেম্বরে আরেক দফা কমানোর সম্ভাবনা ৬৫ শতাংশ।

স্বর্ণের বাজারের বিনিয়োগকারীরা বর্তমানে ফেডের ভাইস চেয়ারম্যান মিশেল বোম্যান ও রিচমন্ড ফেড প্রেসিডেন্ট টমাস বারকিনের বক্তব্যের দিকে দৃষ্টি রাখছেন। সাধারণত সুদহার কমলে আপৎকালীন বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়ে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী ১ অক্টোবর থেকে আমদানি করা ওষুধ, ট্রাক ও আসবাবপত্রের ওপর নতুন শুল্ক আরোপ করা হবে।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে শুক্রবার স্পট মার্কেটে রুপার দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪৬ ডলার ৪১ সেন্টে পৌঁছে, যা ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ। এ সময় প্যালাডিয়ামের দাম বেড়ে ১ হাজার ২৮৪ ডলার ৭৭ সেন্টে স্থির হয়। শুক্রবার প্লাটিনামের দাম ২ দশমিক ৫ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ১ হাজার ৫৬৮ ডলার ২১ সেন্টে পৌঁছে, যা ১২ বছরের মধ্যে সর্বোচ্চ।

বিশ্লেষকদের মতে, স্বর্ণের উচ্চ দামের প্রভাবে বিনিয়োগকারীরা তুলনামূলক সস্তা বিকল্প হিসেবে রুপা ও প্লাটিনামের দিকে ঝুঁকছেন। এছাড়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ২০৩৫ সালের মধ্যে কার্বন নিঃসরণ ৭-১০ শতাংশ কমানোর অঙ্গীকার করেছেন। এতে সৌরবিদ্যুৎ খাতে ব্যবহারের জন্য রুপার চাহিদা আরো বাড়বে।

আরও