ভিয়েতনামে চলতি সপ্তাহে কফি বাণিজ্যে বেশ ধীরগতি দেখা গেছে। এর পেছনে সরবরাহ সংকট ও কম চাহিদা ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ভিয়েতনামের ব্যবসায়ীরা বর্তমানে নতুন ফসলের জন্য অপেক্ষা করছেন, যা আগামী মাসে শুরু হবে। খবর বিজনেস রেকর্ডার।
ভিয়েতনামের বৃহত্তম কফি উৎপাদনকারী অঞ্চল সেন্ট্রাল হাইল্যান্ডস। এ অঞ্চলের কৃষকরা চলতি সপ্তাহে প্রতি কেজি কফি ১ লাখ ১৫ হাজার থেকে ১ লাখ ১৭ হাজার ডং (৪ ডলার ৩৬ সেন্ট থেকে ৪ ডলার ৪৪ সেন্ট) মূল্যে বিক্রি করছেন। এটি গত সপ্তাহের ১ লাখ ১৪ হাজার ৫০০ থেকে ১ লাখ ১৬ হাজার ৮০০ ডংয়ের তুলনায় কিছুটা বেশি।
এক স্থানীয় ব্যবসায়ী বলেন, ‘এ মুহূর্তে চাহিদা ও সরবরাহ দুটোই কম। নতুন ফসলের সরবরাহ শুরুর সময় প্রায় কাছাকাছি। তাই ভিয়েতনামের ব্যবসায়ীরা সে সময়ের অপেক্ষা করছেন।’
কিছু কৃষক এরই মধ্যে আগাম ফসলের বীজ বিক্রির প্রস্তাব দিয়েছেন, তবে পরিমাণ সীমিত। এদিকে গত বুধবার প্রতি টন রোবাস্তা কফির দাম ৪ হাজার ৪৫০ ডলারে নেমেছে, যা আগের তুলনায় ৭ শতাংশ কম।
অন্যদিকে ইন্দোনেশিয়ার সুমাত্রার রোবাস্তা কফি নভেম্বর ও ডিসেম্বরের সরবরাহের চুক্তিতে টনপ্রতি ৪০-৪৫ ডলার ছাড়ে অফার করা হয়েছে। এর আগের সপ্তাহে দেশটিতে কফি বেচাকেনায় কোনো ছাড় ছিল না। এক ব্যবসায়ী এ বিষয়ে জানিয়েছেন, লন্ডনের টার্মিনালে দাম কমার কারণে ছাড়ের পরিমাণ বেড়েছে।