সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বৈদেশিক বাণিজ্য ২০২৪ সালে রেকর্ড ৩ ট্রিলিয়ন দিরহাম বা ৮১ হাজার ৬৭০ কোটি ডলার স্পর্শ করেছে। এ খাতে আগের বছরের তুলনায় ১৪ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধির দেখা পেয়েছে দেশটি। সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন রাশিদ গতকাল এ তথ্য জানিয়েছেন। খবর দ্য ন্যাশনাল।
বিশ্লেষকরা বলছেন, জ্বালানি তেল খাতে নির্ভরতা কমিয়ে অর্থনীতিকে বৈচিত্র্যময় করার উদ্যোগ নিয়েছে ইউএই। পাশাপাশি বৈশ্বিক বাণিজ্য সম্পর্ক দৃঢ় করার উদ্যোগও নেয়া হয়েছে। এজন্য দেশটি বিভিন্ন দেশের সঙ্গে ‘কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট" (সিইপিএ)’ চুক্তি স্বাক্ষর করেছে। এর ইতিবাচক প্রভাব পড়েছে ইউএইর বৈদেশিক বাণিজ্যে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেখ মোহাম্মদ বিন রাশিদ জানান, ২০২৪ সালে সিইপিএ চুক্তির মাধ্যমে অংশীদার দেশগুলোর সঙ্গে ইউএইর জ্বালানি তেল খাতবহির্ভূত বাণিজ্যে ১৩ হাজার ৫০০ কোটি দিরহাম যুক্ত হয়েছে, যা আগের বছরের তুলনায় ৪২ শতাংশ বেশি।
তিনি আরো বলেন, ‘গত বছর বৈশ্বিক বাণিজ্য মাত্র ২ শতাংশ বেড়েছে। কিন্তু ইউএইর বৈদেশিক বাণিজ্য ৭ গুণ বেড়ে ১৪ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।’
শেখ মোহাম্মদ বিন রাশিদ বলেন, ‘আমরা ২০৩১ সালের মধ্যে বৈদেশিক বাণিজ্য ৪ ট্রিলিয়ন দিরহামে উন্নীত করার লক্ষ্যমাত্রা নিয়েছিলাম। ওই লক্ষ্যমাত্রার ৭৫ শতাংশ এরই মধ্যে অর্জিত হয়েছে। বর্তমানে গতিতে এগোতে পারলে আমরা নির্ধারিত সময়ের অনেক আগেই লক্ষ্যে পৌঁছে যাব।’
ইউএই ২০২১ সাল থেকে এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দ্রুতবর্ধনশীল অর্থনীতির একাধিক দেশের সঙ্গে সিইপিএ চুক্তি করেছে।
এ চুক্তির আওতায় জ্বালানি তেল ব্যতীত বৈদেশিক বাণিজ্যের পরিমাণ বৃদ্ধিতে দেশগুলো পারস্পরিক সহযোগিতা করে। ভারত, ইন্দোনেশিয়া, তুরস্ক ও ইসরায়েল সম্প্রতি এ চুক্তি স্বাক্ষর করেছে। চলতি মাসে নিউজিল্যান্ড ও মালয়েশিয়াও এর আওতায় এসেছে।