সাত বছরে প্রথমবার চীনা এফডিআই বেড়েছে ইউরোপে

সাত বছরের মধ্যে ২০২৪ সালে ইউরোপে সরাসরি চীনা বিনিয়োগ প্রথমবারের মতো বেড়েছে।

সাত বছরের মধ্যে ২০২৪ সালে ইউরোপে সরাসরি চীনা বিনিয়োগ প্রথমবারের মতো বেড়েছে। এতে মূল চালিকাশক্তি ছিল হাঙ্গেরিতে বিদ্যুচ্চালিত গাড়ি ও ব্যাটারি প্রকল্পে ব্যাপক বিনিয়োগ। তবে চীনা কোম্পানিগুলো ক্রমে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সের বাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। খবর এফটি।

বার্লিনভিত্তিক মার্কেটর ইনস্টিটিউট ফর চায়না স্টাডিজ ও পরামর্শক প্রতিষ্ঠান রডিয়াম গ্রুপের তথ্যানুযায়ী, গত বছর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাজ্যে চীনের মোট সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) ৪৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার কোটি ইউরো।

তবে বিনিয়োগের এ অংক আগের রমরমা অবস্থার তুলনায় অনেক কম। ২০২৪ সালে ইউরোপে চীনের বিনিয়োগের পরিমাণ ছিল ২০১৬ সালের মাত্র এক-পঞ্চমাংশ। এবারের বিনিয়োগ মূলত কিছু নির্দিষ্ট কোম্পানির মধ্যেই সীমাবদ্ধ ছিল। এর মধ্যে রয়েছে ব্যাটারি নির্মাতা সিএটিএল ও এনভিশন, প্রযুক্তি কোম্পানি টেনসেন্ট ও গাড়ি নির্মাতা গিলি।

‘ইইউ এখনো চীনা বিনিয়োগের জন্য আকর্ষণীয়’ উল্লেখ করে সতর্কবার্তা দেন মার্কেটর ইনস্টিটিউটের প্রধান অর্থনীতিবিদ ম্যাক্স জেংগলাইন। তিনি বলেন, ‘বেইজিং ক্রমেই করপোরেট বিনিয়োগকে কৌশলগত প্রভাব বিস্তারের একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে।’

প্রতিবেদন অনুসারে, রাজনৈতিক নজরদারি ও বাণিজ্যিক উত্তেজনার মুখে চীনা কোম্পানিগুলো অধিগ্রহণ ও একীভূতকরণ (এমঅ্যান্ডএ) চুক্তি থেকে সরে এসে নতুন করে কারখানা স্থাপন বা গ্রিনফিল্ড ইনভেস্টমেন্টের দিকে ঝুঁকছে। হাঙ্গেরির ডেব্রেসেন শহরে সিএটিএলে ৭৫০ কোটি ইউরো ব্যয়ে ব্যাটারি কারখানা এবং সেইগেদ শহরে বিওয়াইডির পরিকল্পিত ৫০০ ইউরো মূল্যের বিদ্যুচ্চালিত গাড়ি কারখানা এর উদাহরণ।

২০২৪ সালে ইউরোপে চীনা বিনিয়োগের ৩১ শতাংশই ছিল হাঙ্গেরিতে। এ নিয়ে টানা দ্বিতীয় বছরের মতো দেশটি এ অঞ্চলে চীনের সর্বোচ্চ বিনিয়োগ গন্তব্য হিসেবে অবস্থান ধরে রেখেছে। অন্যদিকে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সের সম্মিলিত অংশীদারত্ব কমে দাঁড়িয়েছে মাত্র ২০ শতাংশে, যা আগের পাঁচ বছরে গড়ে ছিল ৫২ শতাংশ।

চীনের গাড়ি নির্মাতারা অভ্যন্তরীণ বাজারে অতিরিক্ত উৎপাদন ও দুর্বল চাহিদার কারণে আন্তর্জাতিক সম্প্রসারণের চাপে রয়েছে। ইইউ গত অক্টোবরে চীনা গাড়ি আমদানির ওপর সর্বোচ্চ ৪৫ শতাংশ শুল্ক আরোপ করায় অঞ্চলটিতে উৎপাদন স্থাপন আরো আকর্ষণীয় হয়ে উঠেছে।

তবে গবেষণায় দেখা গেছে, চীনা ইভি নির্মাতাদের নতুন বিনিয়োগ ঘোষণায় বড় ধরনের পতন ঘটেছে। ২০২২-২৩ সালের তুলনায় ২০২৪ সালে এ ধরনের ঘোষণা ৭৯ শতাংশ কমে গেছে। ব্যাটারি প্রস্তুতকারক সভোল্ট জার্মানিতে ৪২০ কোটি ইউরো মূল্যের দুটি কারখানা স্থাপনের পরিকল্পনা বাতিল করেছে। এছাড়া ইউরোপিয়ান কমিশনের প্রাথমিক ভর্তুকি তদন্ত বিওয়াইডির হাঙ্গেরি কারখানার ওপর প্রভাব ফেলতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এ পতন কিছুটা পুষিয়ে দিয়েছে সীমিত পরিসরে এমঅ্যান্ডএ তৎপরতা। যেমন পোল্যান্ডের ভিডিও গেম নির্মাতা টেকল্যান্ডকে ১৫০ কোটি ইউরোয় অধিগ্রহণ করেছে টেনসেন্ট।

আরও