চীনে গম উৎপাদন কিছুটা কমেছে

চীনে চলতি বছরের গ্রীষ্মের শুরুতে গম উৎপাদন গত বছরের তুলনায় দশমিক ১ শতাংশ কমেছে।

চীনে চলতি বছরের গ্রীষ্মের শুরুতে গম উৎপাদন গত বছরের তুলনায় দশমিক ১ শতাংশ কমেছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো (এনবিএস)। মূল গম উৎপাদনকারী প্রদেশ হেনানসহ কয়েকটি অঞ্চলে তীব্র খরার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা। খবর বিজনেস রেকর্ডার।

বিশ্বের শীর্ষ গম উৎপাদনকারী দেশগুলোর মধ্যে চীন অন্যতম। দেশটির এবার মোট গম উৎপাদনের পরিমাণ ছিল ১৩ কোটি ৮১ লাখ ৬০ হাজার টন। যা আগের বছরের ১৩ কোটি ৮২ লাখ ২০ হাজার টনের তুলনায় কিছুটা কম। এর মধ্যে শীতকালীন গমের উৎপাদন (গত বছরের শরতে রোপণ হয় এবং গ্রীষ্মের শুরুতে সংগ্রহ করা হয়) ৪৫ হাজার টন কমে ১৩ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টনে নেমে এসেছে।

এনবিএসের তথ্য অনুযায়ী, গমের আবাদি জমির পরিমাণও দশমিক ১ শতাংশ কমে ২ কোটি ৩০ লাখ ৭০ হাজার হেক্টর হয়েছে।

উল্লেখ্য, হেনান ও শানসি প্রদেশ চীনের মোট গম উৎপাদনের এক-চতুর্থাংশেরও বেশি জোগান দেয়। মে মাসে এ দুই প্রদেশে গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে কৃষকরা উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়েছেন। স্থানীয় কৃষকরা জানিয়েছেন, তাদের উৎপাদন ৫০ শতাংশ পর্যন্ত কমে গেছে। তবে এনবিএস বলছে, সঠিক সময়ে সেচ কার্যক্রম ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের তুলনায় কম ক্ষতির কারণে মোট উৎপাদন তুলনামূলকভাবে স্থিতিশীল রাখা সম্ভব হয়েছে।

এদিকে চীনের সামগ্রিক গ্রীষ্মকালীন শস্য উৎপাদনও দশমিক ১ শতাংশ কমে ১৪ কোটি ৯৭ লাখ ৪০ হাজার টনে নেমেছে। একই সময়ে শস্যের আবাদি জমির পরিমাণ দশমিক ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ কোটি ৬৫ লাখ ৮০ হাজার হেক্টর।

আরও