তবে তৈরি পোশাক শিল্পসংশ্লিষ্ট কিছু এলাকায় শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ ও রফতানি বিল ক্রয়ের সুবিধার্থে সীমিত পরিসরে চালু রাখা হবে ব্যাংকিং কার্যক্রম। বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার গতকাল জারি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়, তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক কর্মচারী-কর্মকর্তাদের বেতন-ভাতা ও রফতানি বিল ক্রয়ের জন্য বাণিজ্যিক ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো ঈদের আগের সরকারি ছুটির দিন ১৮ ও ১৯ মার্চ সীমিত পরিসরে খোলা থাকবে। ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্পসংশ্লিষ্ট শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ছুটির দিন সংশ্লিষ্ট শাখা খোলা থাকবে।
এ দুইদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত লেনদেন হবে, আর অফিস চলবে বেলা ২টা পর্যন্ত। এর মধ্যে বেলা ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। ছুটির মধ্যে যেসব কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করবেন, তাদের বিধি অনুযায়ী ভাতা দিতে ব্যাংকগুলোকে বলা হয়েছে।